প্রস্রাব থেকেই চার্জ হবে মোবাইল ফোন

মোবাইলের চার্জ নিয়ে চিন্তিত সকলেই। এর আগে বিভিন্ন সৌর বিদ্যুত্ ব্যবহার করে মোবাইল চার্জের উদ্যোগ নেওয়া হয়েছে। বিকল্প আরও অনেক মাধ্যম দিয়েও মোবাইল চার্জের ব্যবস্থা করেছেন গবেষকরা। তবে এবারে অভিনব এক পদ্ধতিতে মোবাইল চার্জের কথা জানিয়েছেন গবেষকরা। যুক্তরাজ্যের ব্রিস্টল রোবোটিক ল্যাবরেটরির এই গবেষকরা এবার মুত্র বা প্রস্রাব থেকেই মোবাইল ফোন চার্জের উপায় বের করেছেন। বিদ্যুত্ উত্পাদনের জন্য প্রস্রাবকে উত্স হিসেবে ব্যবহার করা এই প্রথম। একে যুগান্তকারী একটি ঘটনা হিসেবেই অভিহিত করেছেন সংশ্লিষ্ট গবেষকরা। গবেষণার সাথে সম্পৃক্ত ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ডের ড. ইউয়ানিস ইরোপোলাস বলেন, ‘প্রস্রাব ব্যবহার করে আগে কখনও বিদ্যুত্ উত্পাদন করা হয়নি। এ ধরনের বর্জ্য ব্যবহার করে বিদ্যুত্ উত্পাদন করতে পারলে সেটা অনেক বেশি পরিবেশবান্ধব হবে।’ গবেষকরা জানিয়েছেন, অণুজীবভিত্তিক জীবাশ্ম কোষের উপর দিয়ে প্রস্রাব চালনা করেছেন। এই কোষগুলো মূলত শক্তিকে রূপান্তর করতে সক্ষম। এটি জৈব পদার্থ থেকে সরাসরি বিদ্যুত্ উত্পন্ন করতে পারে। মূলত এই বিদ্যুত্ মাইক্রোবসের সহ-উত্পাদ। গবেষকরা জানান, তারা স্যামসাংয়ের একটি মোবাইল এই কোষ ও প্রস্রাব ব্যবহার করে চার্জ করতে সক্ষম হয়েছেন। আর এই চার্জ দিয়ে এসএমএস করা, ওয়েব ব্রাউজিং এবং ফোন কলও করা গেছে। গবেষকরা আশা করছেন, বাড়িতে বাথরুমে এই প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুতের একটি উত্স তৈরি করা সম্ভব হবে।