লর্ডসে রাণী এলিজাবেথ
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ২২:০৯
২০০৯ সালের পর আবারো লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আসলেন ইংল্যান্ডের রাণী দ্বিতীয় এলিজাবেথ। অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাত্ করেন এলিজাবেথ। যদিও রানীর উপস্থিতির পরেও শুরুটা খুব একটা ভাল হয়নি স্বাগতিক ইংল্যান্ডের। মাত্র ২৮ রানের মধ্যেই তিনটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় অ্যালিস্টার কুকের দল। ইংলিশ দলে কোন পরিবর্তন না এলেও অস্ট্রেলিয়া দলে আছে দু’টি পরিবর্তন। একাদশে সুযোগ পেয়েছেন রায়ান হ্যারিস ও ওসমান খাজা। লাঞ্চে যাওয়ার আগে ৩ উইকেটে ৮০ রান করে ইংল্যান্ড। চা বিরতিতে যাওয়ার আগে তাদের স্কোর ৪ উইকেটে ১৮৩ রান। ৫৮ রান করে জোনাথন ট্রট আউট হয়ে গেলেও ৬২ রানে অপরাজিত আছেন ইয়ান বেল। তার সঙ্গী জনি বেয়ারস্টো’র সংগ্রহ ২৮ রান। তিনটি উইকেট পেয়েছেন রায়ান হ্যারিস।
সময়মতই অনুষ্ঠিত হয় লর্ডস টেস্টের টস। সেই লড়াইয়ে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। আর টস শেষে প্যাভিলিয়নের খুব কাছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। কারণ রাণী এলিজাবেথের সাথে সাক্ষাত্কার করবেন তারা। মাথায় নীল রঙের হ্যাট, পরনে নীল রঙের জামা ও সাদা রঙের জ্যাকেট পড়ে বেশ পরিপাটি হয়ে মাঠে প্রবেশ করেন এলিজাবেথ। এরপর দু’দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন তিনি। প্রথমে অস্ট্রেলিয়া খেলোয়াড়দের সাথে করমর্দন করেন এলিজাবেথ। রাণীর পাশে থেকে দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব সাড়তে সাহায্য করেন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক।