বিজেএমসি ভুটান যাচ্ছে আজ
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ২২:১২
ভুটানের কিংস কাপে খেলতে আজ শুক্রবার ঢাকা ছাড়ছে পেশাদার লিগের দল বিজেএমসি। সেখানে যাবার আগে গতকাল সংবাদ সম্মেলন করে দলটি জানিয়ে গেছে কিংস কাপে নিদেনপক্ষে সেমিফাইনাল খেলাই তাদের লক্ষ্য।
এক সময়ের ইপিআইডিসি, স্বাধীনতার পর বিআইডিসি হয়ে এখন বিজেএমসি। এক সময় এদেশের ফুটবলে দৌর্দাণ্ড প্রতাপ ছিল দলটির। লিগ চ্যাম্পিয়নও হয়েছিল তারা। এই দলে খেলেছেন দেশের অনেক নামিদামি অনেক ফুটবলার। কিন্তু সময়ের স্রোতে খ্যাতি ধরে রাখতে পারেনি দলটি। গত তিন বছর ধরে পেশাদার ফুটবল লিগে খেলছে পুনরুজ্জীবিত বিজেএমসি। গেলবারের লিগে চতুর্থ হয়েছে দলটি। তবে বাংলাদেশ হওয়ার পর এবারই তারা প্রথম বিদেশে খেলতে যাচ্ছে। ১৯৬৭ ও ৬৮ সালে দুই বার ইপিআইডিসি বিদেশের মাটিতে খেলতে গিয়ে উভয়বারই চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের খেলোয়াড় ওয়াজেদ গাজী। স্মৃতি হাতড়ে বললেন, ‘সময়টা যদি ভুল না হয় সেটা ৬৭ ও ৬৮ সাল হবে। পাকিস্তানের মুলতানে খেলতে গিয়েছিলাম। দুই বারই চ্যাম্পিয়ন হয়ে এসেছি।’ ওয়াজেদ গাজিও এই দলের উপদেষ্টা হয়ে ভুটান যাচ্ছেন আজ সকালে। সেই চ্যাম্পিয়ন দল আর আজকের বিজেএমসি ফুটবল দলের মধ্যে বিরাট ব্যবধান। তবে বিজেএমসির অধিনায়ক অমিত খান শুভ্র বলেছেন তারা লক্ষ্য নির্ধারণ করেছেন সেমিফাইনাল খেলবেন। এরপর ফাইনাল। চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা আছে। সেটা ধাপে ধাপে এগিয়ে পূরণ করতে চান বিজেএমসির খেলোয়াড়রা। ভুটানের কিংস কাপ ফুটবলে খেলার জন্য বিজেএমসি ১২ দিন প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হয়েছে জাতীয় ফুটবল দলের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। হারলেও সেটিকে খারাপ কিছু দেখছেন দলের ম্যানেজার আরিফ খান জয়। তিনি বলেন ‘আমার দল হারলে কষ্ট লাগে। কিন্তু জাতীয় দল জিতলে ভালো লাগে। এটাই আমার সান্ত্বনা।’
বিজেএমসি আগামী ফুটবল মৌসুমের জন্য দল গঠন করছে। সে লক্ষ্য নিয়ে এবার খেলোয়াড় সংগ্রহ করেছে বিজেএমসি। তাদের নিয়ে গড়া দলটি যাচ্ছে ভুটান। শেখ জামালের আফ্রিকান ফুটবলার কন্টে, মাসুদ রানা, ব্রাদার্সের জামাল হোসেন, শেখ রাসেলের ডিফেন্ডার উত্তম বনিক। দলে নেই জাতীয় দলের সাবেক গোলকিপার আমিনুল। তাকে না রাখা প্রসঙ্গে বলে আরিফ খান জয় বলেন, ‘আমরা আগামী মৌসুম লক্ষ্য রেখে দল গড়েছি। সে পরিকল্পনায় আমিনুল পড়ছে না। যদি এর মধ্যে ভালো করতে পারে। তাহলে আবার এসেও যেতে পারে।’ অধিনায়ক শুভ্র বললেন ‘গোলকিপার হিমেলকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি।’ কিংস কাপে নেপাল, ভারত থেকেও দল অংশগ্রহণ করছে। সব মিলিয়ে আট দল দুই গ্রুপে খেলছে। বাংলাদেশ থেকে আরামবাগ ও বিজেএমসি খেলছে। আরামবাগ এরই মধ্যে সড়ক পথে ভুটান চলে গেছে। দুই দল দুই গ্রুপে খেলছে। এই টুর্নামেন্টে মোহনবাগানও অংশ নিচ্ছে।