হেরে পিছিয়ে পড়লো রোনালদিনহোর ক্লাব

রোনালদিনহোর ক্লাব অ্যাতলেটিকো মিনেইরো প্রথমবারের মতো কোপা লিবারটেডোরেসের ফাইনালে উঠে ইতিহাস গড়লেও গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত শিরোপা লড়াইয়ের প্রথম পর্বে প্যারাগুয়ের ক্লাব অলিম্পিয়ার মাঠে ২-০ গোলে হেরে যায়। দু’দলের মধ্যকার ফাইনালের ফিরতি লিগটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার ব্রাজিলের বেলো হোরাইজন্তে। দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ হিসেবে খ্যাত ক্লাব ফুটবলের সর্বোচ্চ এ আসরের ফাইনালে আলেসান্দ্রো সিলভার তীব্র শট ও উইলসন পিত্তোনির ইনজুরি সময়ে নেয়া ফ্রিকিকে পাওয়া গোলে জয়ী হয় অলিম্পিয়া। ফলে ব্রাজিলের ক্লাবটির জন্য শিরোপা জেতা অনেকখানি কঠিন হয়ে পড়লো। অ্যাতলেটিকো কোচ চুচা খেলাটি যখন ঘন্টাখানেক বয়সী সেসময়ে রোনালদিনহোকে মাঠ থেকে তুলে নেন। ফিফার সাবেক বর্ষ সেরা ফুটবলারটি ভাল খেলছিলেন না বলে এমন সিদ্ধান্ত নিলেও তা ফলদায়ক হয়নি। কেননা ২৩ মিনিটে পিছিয়ে পড়ার পর মিনেইরো আর সমতা ফেরাতে পারেনি। বরং ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে আরো এক গোল হজম করতে বাধ্য হয় দলটি।