চুনারুঘাটে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৭ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। গত সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, উপজেলার আজিমাবাদ গ্রামের সাবেক মেম্বার হাশিম মিয়ার সাথে পার্শ্ববর্তী কালিচুন গ্রামের দুলাল মিয়ার দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে আব্দুল হাই (৫০), শাহীন মিয়া (২৫), শেফালী আক্তার (৩২), জসিম উদ্দিন (২৫), সাইফুল ইসলাম (২৭), নুরজাহান বেগম (৫০) ও কাশেম মিয়াকে (১৮)  হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অবৈধভাবে বালু উত্তোলনে

জরিমানা আদায়

আজমিরীগঞ্জের কুশিয়ার কালনী নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার এ অর্থদণ্ড প্রদান করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ নাঈমা খন্দকার।