এশিয়ান গেমসে অংশগ্রহণ করছে বাংলাদেশ
প্রকাশ : ১৯ জুলাই ২০১৩, ২১:৩৭
আটটি ডিসিপ্লিনে নানজিংয়ের যুব এশিয়ান গেমসের বাংলাদেশ অংশ নিচ্ছে । ইভেন্টগুলো হলো- অ্যাথলেটিকস, শুটিং, সাঁতার, ভারোত্তোলন, গলফ, ব্যাডমিন্টন, বাস্কেটবল ও তায়কোয়ানডো। তবে গেমসের অন্য ডিসিপ্লিনগুলো নিয়ে কথা না থাকলেও অ্যাথলেটিকস নিয়ে কিছুটা দ্বিধা দ্বন্দ্বে রয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তবে অ্যাথলেটদের প্রতি ফেডারেশনের অবহেলা রয়েছে বলে অভিযোগ বিওএ’র। বিওএ’র ট্রেনিং এবং ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব উইং কমান্ডার রফিকুল ইসলাম বলেন, ‘বিকেএসপিতে থাকা অ্যাথলেট এবং সংশ্লিষ্টদের কাছ থেকে সমস্যার কথা শুনে আমরা ফেডারেশনের উপর নাখোশ। অন্য ডিসিপ্লিনের ক্যাম্পে খেলোয়াড়দের ভাতা দিলেও অ্যাথলেটদের তা দেয়া হচ্ছে না। যদিও বিওএ অনুশীলনের পুরো অর্থই ফেডারেশনকে দিয়ে দিয়েছে। এটা অমানবিক। তবে কি করবো আমরা তা নির্ভর করছে মহাসচিব সৈয়দ শাহেদ রেজা দেশে ফেরার পর যে সভা হবে সেখানে।’
আগামী ১৬ থেকে ২৬ আগস্ট চীনের নানজিংয়ে যুব অলিম্পিকের জন্য অনেক আগেই অনুশীলন শুরু করেছেন আশিক কুমার হালদার ও আইরিন আক্তার। গেমসের ১০০ মিটার আইরিন ও ২০০ মিটারে দৌড়াবেন আশিক কুমার। । গত জুনিয়র মিটে রেকর্ড ছিল আইরিনের। তবে ছেলেদের স্প্রিন্টে আশিক কুমার হালদারকে পাঠানো নিয়ে বিতর্ক রয়েছে। জুনিয়রের সেরা নয় সে, ফেডারেশন বিকেএসপির কাছে নাম চেয়েছিল, তারাই নিজেদের মত ট্রায়াল নিয়ে চূড়ান্ত করেছে এই স্প্রিন্টারকে। রফিকুল ইসলাম বলেন, ‘আমরা অ্যাথলেটিকস ফেডারেশনের উপর খুব ক্ষুব্ধ। এই ডিসিপ্লিনের অনুশীলন নিয়ে আমরা বিব্রত অবস্থার মধ্যে পড়েছি। কারণ ভাল মানের অনুশীলন ছাড়াই এভাবে বার বার বিদেশে দল পাঠিয়ে আমরা বিব্রত হই।’ তিনি যোগ করেন, ‘অনেক আগেই আমরা গেমস কর্তৃপক্ষের কাছে অ্যাথলেটিকসের দু’জনের নাম পাঠিয়ে দিয়েছি। এই মুহূর্তে নাম প্রত্যাহার করা যাবে না। তবে ভবিষ্যতে আমরা কোথাও অ্যাথলেট দল পাঠাবো কিনা সেটা আবারও বিবেচনা করতে হবে।’
রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সাবেক এই তারকা সাঁতারু বলেন, ‘বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা আগামী ২২ কিংবা ২৩ জুলাই দেশে আসবেন। ওই সময়ে সভা করে আমরা একটি সিদ্ধান্ত নেব।’ কি সিদ্ধান্ত তাও জানালেন রফিক, ‘ফেডারেশনের তত্ত্বাবধানে থাকা অনুশীলন ক্যাম্পটি বিওএ’র তত্ত্বাবধানে নিয়ে আসার চেষ্টা করবো আমরা। কারণ অ্যাথলেটিকস ফেডারেশন না পারলে শেষ অবধি আমাদেরকেই দায়িত্বটা নিতে হবে।’
তবে বিওএ’র এসব অভিযোগ অস্বীকার করে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস বলেন, ‘বিওএ যদি এমনটা মনে করে তাহলে আমার কিছু করার নেই। আমিও তো বিওএ’র একজন সদস্য। সিদ্ধান্ত তো আমাকে নিয়েই করতে হবে। তবে রফিক ভাই যেদিন বিকেএসপিতে গিয়েছিলেন সেদিনের মতো অনুশীলন শেষ হয়ে গিয়েছিল। সন্ধ্যায় গিয়ে তিনি কাউকে পাননি। তাই অনুশীলন নিয়ে উনার এমনটা মনে হচ্ছে।’