দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার ওয়ানডেতে ঘুরে দাঁড়ানো মিশন শুরু আজ
প্রকাশ : ১৯ জুলাই ২০১৩, ২১:৩৭
সাম্প্রতিক ওয়ানডে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা আজ শনিবার কলম্বোয় পাঁচ ম্যাচের সীমিত ওভার ক্রিকেট সিরিজে মুখোমুখি হচ্ছে।
উভয় দলই সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিল। যদিও দল দুটিকে আট জাতির এ প্রতিযোগিতায় শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে ভাবা হয়েছিল। প্রোটিয়াসরা লন্ডনের ওভালে অনুষ্ঠিত খেলাটিতে ইংল্যান্ডের কাছে হেরে আরো একবার নিজেদের ‘চোকার্স’ হিসাবেই তুলে ধরে। এ বদনামটি যে যথার্থ তাতে একমত হন বিদায়ী দক্ষিণ আফ্রিকা কোচ গ্যারি কার্স্টেনও।
শ্রীলংকা ২০১১ সালের বিশ্বকাপে ভারতের কাছে হেরে রানার্স আপ হয় এবং মহেন্দ্র সিং ধোনির দলের কাছে এক সপ্তাহের ব্যবধানে দুইবার পরাস্ত হয়। ভারতের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের পর দ্বিতীয়টি ছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশিয় সিরিজে। এ হারের প্রেক্ষাপটে ২৩ বছর বয়সী দিনেশ চান্দিমালকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম দুটি খেলায় অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে। অবশ্য বলা হয়েছে, নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞার মধ্যে থাকার কারণেই দিনেশকে এ দায়িত্ব দেয়া হলো।
স্বাগতিক লংকান দল এদিন সিমার নুয়ান কুলাসেকারার সেবা পাবে না। কারণ খেলোয়াড়টি আঙ্গুলের ইনজুরিতে ভুগছেন। অপরদিকে ব্যাটসম্যান জেহান মুবারক চার বছর পর আবার দলে ফিরেছেন।
সফরকারীরা ডেল স্টেইন ও গ্রায়েম স্মিথকে ছাড়া খেলতে নামবে। ইনজুরির কারণেই খেলতে পারছেন না খেলোয়াড়দ্বয়। অপরদিকে অভিজ্ঞ অলরাউন্ডার জ্যাক ক্যালিস তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের বাইরে কাটানোর পর তার স্বেচ্ছা নির্বাসন প্রলম্বিত করেছেন। সমস্যার এখানেই শেষ নয়। ফাস্ট বোলার মর্নে মরকেল ও লোনওয়াবো সোতসোবেও আজ খেলতে পারবেন কিনা সে নিয়ে সংশয় আছে।
নতুন কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে পাঁচটি ওয়ানডের পর দক্ষিণ আফ্রিকা দল তিনটি টি-টোয়েন্টি খেলবে। রাসেল এর আগে কার্স্টেনের অধীনে সহকারী কোচ ছিলেন। নতুন কোচের ব্যাপারে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ও উইকেটরক্ষক এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘রাসেলের যোগাযোগ ক্ষমতা খুবই ভাল এবং প্রত্যেকে যাতে তার ভূমিকা ঠিকমতো বুঝতে পারে এটি তিনি ভালভাবেই নিশ্চিত করবেন।’ দক্ষিণ আফ্রিকা এই সিরিজের জন্য গত বুধবার স্থানীয় একটি দলের সাথে কলম্বোয় প্রস্তুতি ম্যাচ খেলে ৭৩ রানে জিতেছে। জেপি ডুমিনি তাতে ৯২ রান করেন এবং ক্রিস মরিস ও রবিন পিটারসন নেন তিনটি করে উইকেট।