মহিলা ক্লাব কাপ ক্রিকেট
চতুর্থ শিরোপার পথে মোহামেডান
প্রকাশ : ১৯ জুলাই ২০১৩, ২১:৩৯
মহিলা ক্লাব কাপ ক্রিকেট টুর্নামেন্টটির সংক্ষিপ্ত ইতিহাস জুড়েই আসলে মোহামেডানের দাপটের গল্প। এবারের আগে চারবার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে; প্রথমবারসহ তিনবারই শিরোপা জিতেছে মোহামেডান। গতকাল দিনের একমাত্র খেলায় ইন্দিরা রোড ক্রীড়াচক্রকে ৯ উইকেটে হারিয়েছে খেলাঘর। এই জয়ের ফলে খেলাঘর আছে এখনও সেমিফাইনালে ওঠার লড়াইয়ে। কিন্তু আগেই সেমিফাইনালে উঠে আরও একটি শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি করে রেখেছে মোহামেডান। এছাড়াও সেমিফাইনাল নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্রীড়াচক্র ও গুলশান ক্লাব। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে ক্লাব ক্রিকেটে মোহামেডান যাত্রা শুরু করেছিল। কিন্তু দ্বিতীয় বছর মহিলা ক্লাব ক্রিকেটের শিরোপা ঘরে তোলে আনসারের মেয়েরা। তবে পরে তৃতীয় আর চতুর্থ বার শিরোপা ধরে রাখে মোহামেডান।
সেমিফাইনালের লড়াইয়ে থাকা খেলাঘরের বিপক্ষে ইন্দিরা গতকাল প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে তোলে ৫৩ রান। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জবাব দিতে নেমে মাত্র ৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় খেলাঘর।