শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে
সাঙ্গাকারার নৈপুণ্যে শ্রীলঙ্কার বড় সংগ্রহ
প্রকাশ : ২০ জুলাই ২০১৩, ২২:২০
কুমার সাঙ্গাকারার ক্যারিয়ার সেরা ১৬৯ রানে গতকাল শনিবার কলম্বোতে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সামনে ৩২০ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কা। জিততে হলে প্রেমাদাসা স্টেডিয়ামে রান তাড়ার রেকর্ড গড়তে হবে প্রোটিয়াদের। বড় লক্ষ্যের পিছু ধাওয়া করতে গিয়ে সফরকারিরা ইনিংসের প্রথম বলেই হারিয়েছে পিটার ইনগ্রামের উইকেটটি।
বয়স হয়ে গেছে প্রায় ৩৬। তবে বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ক্রমেই যেন ধারালো হয়ে উঠছে সাঙ্গাকারার ব্যাট। চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরেই নিজের ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস খেলে দলকে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনালে। এরপর ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় সিরিজেও খেলেছেন অপরাজিত ৯০ রানের ম্যাচ জেতানো একটি ইনিংস। তবে গতকাল ঘরের মাঠেই যেন নিজেকে পুরোপুরি মেলে ধরলেন তিনি। তার ১৩৭ বলে গড়া ১৬৯ রানের ইনিংসটি শ্রীলঙ্কার মাটিতে যে কোন ব্যাটসম্যানের খেলা সর্বোচ্চ ইনিংস। ১৮টি চার এবং ছয়টি ছয়ের সমন্বয়ে গড়া এই ইনিংসের কল্যাণে ৭৫.৫৫ গড়ে এবছর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও তিনি পৌছে গেলেন দ্বিতীয় অবস্থানে।
সাঙ্গাকারার পাশাপাশি উপুল থারাঙ্গা, মাহেলা জয়াবর্ধনের ছোট ছোট দুটি ইনিংস এবং শেষের দিকে থিসেরা পেরেরার সাত বলে ষোলো রানের উপর ভর করে লঙ্কানরা পৌছে যায় বিশাল সংগ্রহে।
এদিকে প্রোটিয়া ইনিংসের শুরুতেই লাসিথ মালিঙ্গা দুর্দান্ত এক ইয়র্কারে ইনগ্রামের স্টাম্প উপড়ানোর কিছুক্ষণ পরেই আরেক পেসার এরাঙ্গা তুলে নিয়েছেন জেপি ডুমিনির উইকেটটি। এই দুই উইকেট খুইয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রোটিয়ারা ১০ ওভার শেষে ৬৩ রান সংগ্রহ করেছে। উইকেটে ছিলেন ওপেনার অ্যালভিরো পিটারসেন এবং এবিডি ভিলিয়ার্স।