চট্টগ্রামে বয়সভিত্তিক ক্রিকেট প্রশিক্ষণ

দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য প্রস্তুত ৪০ জন ক্রিকেটার

বন্দরনগরী চট্টগ্রামের একাধিক ক্রিকেটার এক সময় দাপটের সাথে খেলতেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে। আবারো এরকম ক্রিকেটার গড়ে তোলার লক্ষ্যে ৮৫ জন ক্রিকেটারকে বয়সভিত্তিক প্রশিক্ষণ ক্যাম্পে ডেকে সেখান থেকে ৪৫ জনকে বেছে নেয়া হয়েছে আরো নিবিড় প্রশিক্ষণের জন্য। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে চলছে এ প্রশিক্ষণ ক্যাম্প। মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, নূরুল আবেদীন নোবেল, জাহিদ রাজ্জাক মাসুম ও শহিদুর রহমানরা ছিলেন শুধু চট্টগ্রামের নয় দেশের ক্রিকেটের অহংকার। গর্ব করার মতো এ সকল ক্রিকেটারের হাত ধরে পরবর্তীতে জাতীয় দলে খেলেছেন নাফিজ ইকবাল, আফতাব আহমেদ, নাজিম উদ্দিন ও তামিম ইকবাল। তামিম ইকবাল দাপটের সাথে জাতীয় দলে খেলে চললেও তার বাইরে আর কেউ চট্টগ্রাম থেকে নেই। অথচ নিয়মিত ক্রিকেট লিগ হচ্ছে চট্টগ্রামে। ইতিমধ্যে প্রিমিয়ার ক্রিকেট, প্রথম বিভাগ ক্রিকেট, দ্বিতীয় বিভাগ ক্রিকেট সাফল্যের সাথে শেষ হয়েছে। স্থানীয় বহু ক্রিকেটারের সুযোগ হয়েছে লিগে খেলার। কিন্তু প্রতিশ্রুতিশীল কোন ক্রিকেটার জাতীয় দলে খেলার জন্য নজর কাড়তে পারেননি। তামিম ইকবালের পর শূন্যতা পূরণের জন্য এবং প্রতিশ্রুতিশীল ক্রিকেটার সৃষ্টির লক্ষ্যে জেলার অভিভাবক সংগঠন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) পক্ষ হতে আয়োজিত হয়েছে বয়সভিত্তিক ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প। বিভিন্ন দলের প্রায় ৮৫ জন ক্রিকেটারকে প্রথম দফায় প্রশিক্ষণের জন্য ডাকা হয়। চারদিনের বাছাই শেষে ৪০ জন ক্রিকেটারকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য বেছে নেয়া হয়েছে। আপাতত প্রশিক্ষণ বন্ধ থাকলেও রমযানের পরপরই দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শুরু হবে বাছাইকৃত ৪০ জন ক্রিকেটারকে নিয়ে। ক্যাম্প পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নূরুল আবেদীন নোবেল। প্রশিক্ষণ ক্যাম্প সম্পর্কে নূরুল আবেদীন নোবেল জানান, এক সময় জাতীয় ক্রিকেট দলে চট্টগ্রামের ক্রিকেটারদের আধিক্য থাকলেও বর্তমানে তামিম ইকবাল ছাড়া আর কেউ নেই। জেলা ক্রীড়া সংস্থার বর্তমান নেতৃত্ব এমন পরিস্থিতির কথা অনুধাবন করে উদ্যোগ নিয়েছেন বয়সভিত্তিক ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প। এখানে সুযোগ লাভ করেছে প্রতিশ্রুতিশীল ৪০ জন ক্রিকেটার। তাদের মধ্যে সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে তাদের গড়ে তুলতে পারলেই হয়তো তাদের কয়েকজনকে পাওয়া যাবে জাতীয় ক্রিকেট দলে। সিজেকেএস’র পেস বোলার বাছাই কর্মসূচি ২৪ জুলাই এদিকে ক্রিকেটের ভাবমূর্তি ধরে রাখতে ‘এসো জোরে বল করি’ শ্লোগানকে সামনে রেখে নতুন পেস বোলার তৈরির লক্ষ্যে এই প্রথমবারের মতো চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রশিক্ষণ ক্যাম্পের জন্য অনূর্ধ্ব ১৫-২০ বছর বয়সের খেলোয়াড়দের মধ্য হতে পেস বোলার বাছাই কর্মসূচি আগামী ২৪ জুলাই দুপুর ১টায় চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে চট্টগ্রাম জেলার প্রতিটি থানা/উপজেলা, গ্রাম পর্যায়ের ১৫-২০ বছর বয়সী ও ৫ ফুট ৬ ইঞ্চি বা তার ঊর্ধ্বে উচ্চতার সকল খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণে ইচ্ছুক খেলোয়াড়দের আগামী ২৪ জুলাই দুপুর ১টার মধ্যে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য সিজেকেএস বয়সভিত্তিক ক্রিকেটের আহ্বায়ক আলী আব্বাস আহ্বান জানিয়েছেন।