আবুধাবি সিরিজেই দলে ফিরছেন জক ক্যালিস
প্রকাশ : ২০ জুলাই ২০১৩, ২২:২২
সপ্তম ও শেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে পারেননি জক ক্যালিস। কারণ হিসেবে বেশ কয়েকটি উক্তিই করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ‘ম্যাচ খেলার জন্য ফিট নন ক্যালিস। আবার কখনো জানানো হয় ফর্মহীনতায় ভুগছেন তিনি।’ তবে সেসব উক্তি এখন অতীত। খুব দ্রুতই দলে ফিরতে যাচ্ছেন ক্যালিস বলে জানালেন তার দীর্ঘদিনের ম্যানেজার ডেভ রন্ডিল। তিনি বলেন, ‘অক্টোবরে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই দলে ফিরছেন ক্যালিস।’
একজন পরিপূর্ণ অলরাউন্ডারের যতগুলো গুণাবলী থাকা দরকার তার সবই আছে ক্যালিসের। পরিসংখ্যান সে কথাই বলছে। ব্যাট হাতে টেস্ট ও ওয়ানডেতে দশ হাজারের ওপরে রান এবং বল হাতে দুই ধরনের ফরম্যাটেই আড়াইশর ওপরে উইকেট শিকার করেছেন ক্যালিস। ফলে বিশ্ব ক্রিকেটে সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে নিজেকে ইতিমধ্যে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তিনি।
সেই সুবাদে ক্যালিসের প্রশংসা না করে পারেননি তারই সাবেক সতীর্থ ও সাবেক কোচ গ্যারি কারর্স্টেন, ‘ক্যালিসের কারণে অনেক দূর এগিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। গেল ২০ বছর দলকে অনেক সার্ভিস দিয়েছে সে।’ অথচ প্রায় দেড় বছর হয়ে গেল দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে ম্যাচ খেলছেন না ক্যালিস। ‘অফ-ফর্ম ও ম্যাচ খেলার জন্য ফিট নয়’—এমন দুটি কারণ দেখিয়ে ক্যালিসকে ওয়ানডে দলে রাখেনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। তাই এ নিয়ে আলোচনার টেবিল বেশ গরম।
তবে সেই গরমকে আর বাড়তে দিলেন না ম্যানেজার রন্ডিল। আগামী অক্টোবরে নিরপেক্ষ ভেন্যু আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আর ঐ সিরিজেই দলে ফিরবেন ক্যালিস বলে জানালেন রন্ডিল। তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজেই দলে ফিরছেন ক্যালিস। ঐ সিরিজে ক্যালিসকে দলে ফেরানোর পরিকল্পনা করে ফেলেছে বোর্ড।’
দক্ষিণ আফ্রিকার হয়ে দীর্ঘদিন খেলার পরিকল্পনাও রয়েছে ক্যালিসের বলে জানালেন রন্ডিল। রন্ডিল বলেন, ‘দক্ষিণ আফ্রিকার হয়ে শুধু টেস্ট নয়, ওয়ানডে ম্যাচ খেলার পরিকল্পনাও ক্যালিসের আছে। যদি তাকে দলে রাখা হয় তবে ২০১৫ বিশ্বকাপও খেলার জন্য প্রস্তুত ক্যালিস। তবে এখন তিনি মনে করেন না তিন ফরম্যাটেই তার খেলা সম্ভব। তবে যা ভালো হবে আমরা তাই করবো।’
১৯৯৫ সালে টেস্ট ও ১৯৯৬ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় ক্যালিসের। ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১৩১২৮ রান ও ওয়ানডেতে ১১,৪৯৮ রান করেন তিনি। আর বোলার হিসেবে টেস্টে ২৮৮ ও ওয়ানডেতে ২৭০ উইকেট শিকার করেছেন ক্যালিস।