এবার ‘মরিনহো-মোয়েস তর্কযুদ্ধ’!
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২২:০১
আক্ষেপটা এখন অনেকটাই মুছে যেতে পারে ইংলিশ ফুটবলের পাঁড় সমর্থকদের। স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায় আর হোসে মরিনহোর আগমনের অনেকটা কথার লড়াই বিহীন প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ ডেভিড মোয়েস বুঝিয়ে দিলেন কথার লড়াইয়ে তিনিও কম যান না। স্ট্রাইকার ওয়েন রুনিকে নিয়ে চলমান দড়ি টানাটানির লড়াইয়ে মোয়েস জানিয়ে দিলেন মরিনহোর সাথে ‘মাইন্ড গেমের জন্যই অপেক্ষা করছেন তিনি।
ব্রিটেনে তো বটেই গোটা বিশ্বের গণমাধ্যমের খেলার পাতায় বেশ কিছুদিন ধরেই আলোচিত হয়ে আসছে ওয়েন রুনির দলবদল। মাঝে একবার ডেভিড মোয়েস রীতিমতো ঘটা করেই রুনির জন্য ‘নট ফর সেল’ ট্যাগ লাগিয়ে দেন। এখানেই তার মানার পাত্রতো আর মরিনহো নন। আর তার চেষ্টাও বৃথা যায়নি। সমপ্রতি সেই মাত্রায় যোগ হয়েছে আরেকটি চমকপ্রদ খবর। রুনিকে চুক্তিভুক্ত করতে মরিনহোর চেলসি ৪০ মিলিয়ন পাউন্ড (৬১ মিলিয়ন মার্কিন ডলার) খরচ করতে প্রস্তুত। আর মরিনহো নিজেও জানিয়েছেন চেলসি ক্লাবের ধ্যান-জ্ঞান বর্তমানে ওই রুনিকে ঘিরেই।
গত শনিবার প্রাক মৌসুম প্রস্তুতিমূলক সফরের অংশ হিসেবে সিডনিতে অস্ট্রেলিয়ান ঘরোয়া লিগের অর স্টার ক্লাবের বিপক্ষে ৫-১ গোলের জয় দিয়ে রেড ডেভিলদের হয়ে জয়ের খাতা খুলেন মোয়েস। এর আগে থাইল্যান্ড সফর থেকে খালি হাতেই ফিরতে হয় তাকে। আর জয়ের পরও সংবাদ সম্মেলনে সংযতই ছিলেন মোয়েস। দলবদল নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি সাবেক এই এভারটন কোচ। এমনকি বার্সেলোনার সেস ফ্যাব্রেগাস প্রশ্নেও কোন জবাব পাননি সাংবাদিকরা। তাই ব্রিটিশ পত্র-প্রত্রিকার গাল-গল্প লেখারও আর কোন অবকাশ থাকলো না। মোয়েস বলেন, ‘আজ (গত শুক্রবার) সর্বশেষ কথা বলার পরে আমার কাছে নতুন আর কোন সংবাদ নেই। সত্যিকার অর্থেই তাই আমার কাছে নতুন কোন আপডেট নেই। তাই আমি তোমাদেরকে কোন ইতিবাচক বা নেতিবাচক কোনটাই দিতে পারব না।’
তবে, এরপরই ট্যাবলয়েডগুলোর জন্য মুখরোচক গল্প ফাঁদার উপকরণ এনে দেন মোয়েস নিজেই। এক স্কটিশ সাংবাদিক মরিনহোর প্রসঙ্গে মোয়েসের ‘মাইন্ড গেমের’ প্রস্তুতি প্রসঙ্গে চেপে ধরলে তিনি অনেকটা কৌতুক করেই বলেন, ‘এটা তোমার কাছে যেমন মনে হচ্ছে আমার কাছেও অনেকটা তাই। তাই আমার ধারণা তুমি অবশ্যই গ্ল্যাসগো থেকে এসেছো। কিন্তু তুমি যদি সেখান থেকেই এসে থাকো তবে এই বিষয়গুলো নিয়ে কোন কথা না বলে উপভোগ করা উচিত।’
এদিকে বৃটিশ গণমাধ্যম সিডনিতে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচের পরে লিখেছে, আর্সেনালের সাবেক প্লে-¬মেকার ফ্যাব্রেগাসকে ওল্ড ট্র্যাফোর্ডে আনার জন্য ইউনাইটেডের তাদের দরের অংক আরো বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে মোয়েস নিজে নিশ্চিত করেছিলেন ফ্যাব্রেগাসকে চুক্তিভুক্ত করার জন্য ইউনাইটেড বার্সেলোনাকে ২৬ মিলিয়ন পাউন্ড প্রস্তাব দিয়েছে।
প্রাক মৌসুম সফরের অংশ হিসেবে আগামী রবিবার ইউনাইটেড দল জাপানের টোকিওর উদ্দেশ্যে সিডনি ছাড়বে। সেখানে তারা ইয়োকোহামা এফ. মারিয়ন্সের বিপক্ষে মঙ্গলবার মাঠে নামবে। মোয়েস ম্যাচের দুই গোলদাতা ড্যানি ওয়েলবেক আর জেস লিনগার্ডের ফর্ম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ওয়েলবেক এবং লিনগার্ড উভয়েই দুটি করে গোল করেছেন। আর দলের পক্ষে একেবারে শেষ মিনিটে পঞ্চম গোলটি করেছেন ডাচ তারকা রবিন ফন পার্সি। দ্বিতীয়ার্ধে তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন।
শেষ মৌসুমে দারুণ ফর্মে থাকা রবিন ফন পার্সি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ময়েস বলেন, ‘রবিনকে দলে ফিরে পাওয়া এবং একইসাথে তার ফর্মে ফেরা সত্যিই দলের জন্য ভাল দিক। কিন্তু এরপরেও আমি ড্যানির দুই গোলকেই এগিয়ে রাখবো। আমি তাকে বলেছি, এমন খেলতে পারলে আরেক দিন সে চার থেকে পাঁচটি গোল করতে পারবে। আমি বলেছি তুমি যদি এভাবেই পরিশ্রম করতে থাকো তবে তার ফল পাবে। পরিশ্রম করলে ফল অবশ্যই আসবে।’