কাকার পাশে অ্যানচেলত্তি
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২২:০১
নিন্দুকেরা বলে, হোসে মরিনহো যুগে সাইড বেঞ্চে বসে থাকাটাই কাকার ক্যারিয়ার ধসের অন্যতম কারণ। তবে কার্লোস অ্যানচেলত্তির আমলে এসে আসন্ন মৌসুমে এমনটা হওয়ার সম্ভাবনা বেশ কম বলেই আভাস পাওয়া যাচ্ছে।
নিজের স্বর্ণযুগটা বেশ আগেই পিছনে ফেলে এসেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাকা। বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ২০০৯ সালে তাকে কিনে নেয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কিন্তু এরপর থেকেই কাকা যেন তার নামের প্রতি সুবিচার করতে পারছেন না। তবে রিয়ালের নতুন কোচ কার্লো অ্যানচেলত্তি তাকে ভালই জানেন। তার মতে ব্রাজিলের এ তারকার মধ্যে আত্মবিশ্বাস আছে এবং নতুন মৌসুমের জন্য নিমগ্ন সে।
ইতালির দল এসি মিলানে খেলার সময় কাকার কোচ ছিলেন অ্যানচেলত্তি। সে সময়ই ২০০৭ সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন কাকা। রিয়াল ভক্তদের আশা ইতালীতে জন্মগ্রহণ করা এ কোচ আবারো কাকাকে জাগিয়ে তুলতে পারবেন। ৬৫ মিলিয়ন ইউরোতে দলে ভেরানো কাকা আগামী এপ্রিলে ৩১ বছরে পা রাখবেন। ভক্তদের প্রত্যাশা নতুন কোচ কাকাকে আবারও ফর্মের তুঙ্গে পৌঁছে নিতে পারবেন। লা লিগায় চার বছরে বার বার ইনজুরিতে বাধাগ্রস্ত হয়েছেন কাকা। কিন্তু যতটুকুই খেলার সুযোগ সে পেয়েছে তাতে ছয় বছর আগে মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দেয়া কাকার ছায়া হিসাবে দেখা গেছে। গত মৌসুম শেষে রিয়াল ছেড়ে ইংলিশ ক্লাব চেলসির কোচের দায়িত্ব নেয়া হোসে মরিনহোর অধীনে প্রায়শই তাকে সাইড বেঞ্চে বসে কাটাতে হয়েছে। তাই আগামী মৌসুমের শেষ নাগাদ দল বদলের সময় শেষ হওয়ার আগেই কাকাকে বিক্রি করে দেয়া হতে পারে বলে অনেকেই ধারণা করছিল।
গত টার্মে লা লিগায় প্রথম একাদশে মাত্র ১২ ম্যাচে, ইউরো চ্যাম্পিয়নশিপে ২ ম্যাচে এবং কিংস কাপে এক ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন কাকা। চলতি সপ্তাহে খেলোয়াড়রা অনুশীলনে ফেরার পর শনিবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে অ্যানচেলত্তি বলেন, ‘অন্য সকলের মতই কাকা রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়।’
৫৪ বছর বয়সী এ কোচ আরো বলেন, সে ভালভাবে কাজ শুরু করেছে এবং এটা একদম পরিষ্কার যে, এ মৌসুমের জন্য তার মধ্যে অনেক আত্মবিশ্বাস ও অনেক একাগ্রতা আছে।’ ‘পরে আমরা দেখব কি হয়। কাকা এমন একজন খেলোয়াড় যার মধ্যে অনেক চরিত্র বিদ্যমান এবং সে গত মৌসুমের চেয়ে ভাল করতে চায়।
গত মৌসুমে মরিনহো উগ্রভাবে সংবাদ সম্মেলনে উপস্থিত হতেন। তবে অ্যানচেলত্তি ছিলেন ঠিক তার বিপরীত। অত্যন্ত নির্ভার ও ভাল মানসিকতা নিয়ে সাংবাদিকদের সামনে হাজির হন নতুন কোচ।
টটেনহাম হটসপারের উইংগার ওয়েলসের গ্যারেথ বেল অথবা পিএসজির সুইডিশ স্ট্রাইকার জলাতান ইব্রাহিমোভিচের মত তারকা খেলোয়াড়সহ আরো খেলোয়াড় দলের প্রয়োজন আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কিছুটা কৌশল অবলম্বন করলেন। নিজের সহকারী হিসাবে দায়িত্ব পালন করা জিনেদিন জিদানের প্রশংসা করেন অ্যানচেলত্তি। সাবেক ফরাসী ও রিয়াল মিডফিল্ডারের অবদানের কথাও স্বীকার করেন তিনি।
সমপ্রতি কোচিংয়ের সনদ পাওয়া জিদান সম্পর্কে অ্যানচেলত্তি বলেন, ‘তিনি খুবই মনোযোগী এবং তার মধ্যে শেখার প্রচণ্ড আগ্রহ আছে। তিনি বলেন, ‘আমি মনে করি তাকে পাওয়াটা আমাদের জন্য খুবই ভাল হয়েছে। কারণ খেলোয়াড়দের সঙ্গে তার খুব ভাল সম্পর্ক রয়েছে এবং খেলোয়াড়রা তার কথা খুব শোনে। আমি মনে করছি দলটা আরো ভাল করার জন্য তিনি সহায়ক হবেন।’ -বাসস