কোচ ছাড়াই সাঁতারুরা বার্সেলোনা যাচ্ছেন আজ

স্পেনের বার্সেলোনায় গত শুক্রবার বিশ্ব সাঁতার প্রতিযোগিতা শুরু হলেও বাংলাদেশের সাঁতারুরা যাচ্ছেন আজ। বাংলাদেশের ইভেন্ট ২৮ জুলাই শুরু হবে। বাংলাদেশের তিন সাঁতারুই নৌবাহিনীর। এদের মধ্যে রয়েছেন মাহফিজুর রহমান সাগর (ফ্রি স্টাইল), অনিক ইসলাম, মাহফুজা আক্তার শিলা (৫০ মিটার বাটার ফ্লাই)। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কোন প্রত্যাশা নেই। তবে নিজেদের টাইমিংটা ভালো করার লক্ষ্য নিয়ে যাচ্ছেন এই সাঁতারুরা। আড়াই মাস অনুশীলন হয়েছে দলের। শিলা সাংবাদিকদের জানিয়েছেন এ ধরনের আসরে সাহস বাড়ানো যায়। তিনি বলেন, ‘বেটার টাইমিং করব।’ সাঁতারুদের প্রশিক্ষণ দিয়েছেন কোচ আব্দুল হামিদ। কিন্তু তিনি দলের সাথে যেতে পারেননি। আব্দুল হামিদের বদলে কোচ হিসাবে আগেই বার্সেলোনা চলে গিয়েছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও গোপালগঞ্জ যুব লীগের সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ।