প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

গত ১৮ জুলাই দৈনিক ইত্তেফাকে ‘চিংড়ির মান নিয়ে নিয়ন্ত্রণ বিভাগ ও ব্যবসায়ীদের পাল্টাপাল্টি অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করা হয়েছে। মত্স্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ বিভাগ খুলনা-এর উপ-পরিচালক (মাননিয়ন্ত্রণ) মো: আব্দুর রাশেদ স্বাক্ষরিত এই প্রতিবাদ পত্রে বলা হয়, প্রকাশিত সংবাদে মাননিয়ন্ত্রণ বিভাগের বর্তমান উপ-পরিচালক চিংড়িতে ত্রুটি ধরে লট বাতিল করেন বলে যে অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ণ অসত্য ও ভিত্তিহীন। প্রকৃত সত্য হলো পরিদর্শকগণ কারখানা হতে নমুনা সংগ্রহ করে কোডিং কর্মকর্তার কাছে প্রেরণ করেন এবং তিনি প্রতিটি নমুনাতে গোপন কোড দিয়ে তা পরীক্ষাগারে প্রেরণ করেন। পরীক্ষায় কোন ত্রুটি ধরা পড়লে চিংড়ির লট বাতিল হয়ে যায়। এছাড়া মাননিয়ন্ত্রণ বিভাগের সার্টিফিকেট পেতে অতিরিক্ত সময় লাগা এবং বিভাগের পর্যাপ্ত যন্ত্রপাতি ও লোকবল কম থাকার অভিযোগও পুরোপুরি অসত্য।