উপজেলা পরিষদ এসোসিয়েশনের চার দফা দাবি

উপজেলা পরিষদকে কার্যকর করতে অবিলম্বে স্থানীয় সরকার আইন (উপজেলা) এর ২৫ ধারা বাতিল করে ২০০৯ এর আইন অনুযায়ী পরিচালনাসহ চার দফা দাবি জানিয়েছে উপজেলা পরিষদ এসোসিয়েশন অব বাংলাদেশ। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছেন নেতারা। এ সময় এসোসিয়েশনের সভাপতি ফয়জুর রহমান, মহাসচিব মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে এসোসিয়েশন নেতারা বলেন, মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটি বাতিল করে উপজেলা আইন ২০০৯ এর ২৩ ধারা অনুযায়ী উপজেলা পরিষদের কাছে হস্তান্তরিত ১৩টি মন্ত্রণালয়ের ১৭টি বিভাগকে অবিলম্বে পরিষদের কাছে ন্যস্ত করতে হবে।