দুইদিন পর নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের ২ দিন পর শহীদুল ইসলাম বাপ্পি (২৪) নামে এক যুবকের লাশ সোমবার রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন কবরস্থানের লেকের পানিতে ভাসমান অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। নিহত বাপ্পি গত শনিবার মোহাম্মদপুর ১/১ নম্বর বছিলা মধ্যপাডার বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। বাপ্পি মোহাম্মদপুরে একটি হোটেলের কর্মচারী ছিলেন। তার বাবার নাম শাহীন মিয়া। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই যুবককে হত্যার পর লাশ লেকের পানিতে ফেলে দেয়। বাপ্পির ছোট বোন মিলি হাসপাতালে সাংবাদিকদের জানান, গত ২০ জুলাই শনিবার রাত সাড়ে ৮টার পর থেকে তার ভাই নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার দুপুরে থানা পুলিশের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে এসে তারা লাশটি শনাক্ত করেন। ভগ্নিপতি তৈয়ব আলী জানান, পূর্ব শত্রুতার জের ধরে কেউ তাকে হত্যা করে লেকের পানিতে ফেলে দিতে পারে। মোহাম্মদপুর থানার এক এসআই জানান, ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।