পিরোজপুরে চারটি আসন পুনর্বহাল করে আমাদের মূল দাবি পূরণ করতে হবে

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আমাদের সংসদীয় আসনের সীমানা যেভাবে তছনছ করে দেয়া হয়েছিল বর্তমানে সীমানা পুনর্বিন্যাস হওয়ায় সে জটিলতা বহুলাংশে নিরসন হয়েছে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে যে মোনাজাত করেছিলাম, তা তিনি কবুল করেছেন। তবে আমাদের মূল দাবি— পিরোজপুর জেলার চারটি সংসদীয় আসন এখনও পুনর্বহাল হয়নি। গতকাল পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে এক শোকরানা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নির্বাচন কমিশন কর্তৃক পুনর্বিন্যাসকৃত পিরোজপুর-২ সংসদীয় এলাকায় তেলিখালী ইউনিয়ন পুনরায় অন্তর্ভুক্ত হওয়ায় ইউনিয়নবাসী ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক শোকরানা মোনাজাত ও ইফতার পার্টি উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আনোয়ার হোসেন বলেন, এই দাবি পূরণ হলে ভবিষ্যতে অনুন্নত এলাকায় উন্নয়নের বাধা দূর হবে। বাংলাদেশের রাজনীতি ক্রমান্বয়ে যে জটিল রূপ ধারণ করছে তা কারও কাম্য নয়। আমরা স্বাধীনতা চেয়েছিলাম অবশ্যই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু স্বাধীনতার ফল ব্যর্থ হলে তা রাষ্ট্র, সমাজ ও প্রতিষ্ঠানের জন্য শুভ হবে না। ভবিষ্যতের দিক লক্ষ্য রেখে ৪২ বছর ধরে চলমান ঝগড়া-বিবাদ-দ্বন্দ্ব-সংঘাত নিরসনের চেষ্টা করতে হবে। নইলে স্বাধীনতার সুফল মানুষ পাবে না। তাতে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাগণ ব্যথিত হবেন। ভবিষ্যতের দিক লক্ষ্য রেখে একটি সুন্দর দেশ গড়ে তোলার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। যেখানে মানুষের আপন ধর্ম চর্চা, মত প্রকাশের স্বাধীনতা এবং উন্নত জীবন-যাপনের পরিবেশ থাকবে। ব্যক্তি অধিকার তথা মৌলিক অধিকার প্রতিষ্ঠা করে নিরুপদ্রব গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। সমাজ ও রাষ্ট্রে যে বিষবাষ্প ছড়িয়ে পড়ছে, কারও জন্য তা মঙ্গলজনক নয়। বিশ্বের বিভিন্ন দেশসহ আমাদের দেশে সাচ্চা মুসলমানরা এক ধরনের অনিশ্চয়তা ও ভয়ভীতির মধ্যে বসবাস করছেন। এই ধরনের ভয়াবহ অবস্থার মধ্যে বসবাস করা কোন সচেতন মানুষের পক্ষে সম্ভব নয়। আনোয়ার হোসেন বলেন, আমরা দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ অতীতের মত ঐক্যবদ্ধ থেকে নিজেদের ন্যায্য হিস্যা আদায়ে সচেষ্ট থাকব। অধিকার আদায়ের ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। শোকরানা সমাবেশে সভাপতিত্ব করেন তেলিখালী ইউপি চেয়ারম্যান মোঃ শাহদাত হোসেন। আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মনিরুল হক জোমাদ্দার মনি এবং বিশেষ অতিথি জেপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তম আলী, ভান্ডারিয়ার ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, ধাওয়ার সিদ্দিকুর রহমান টুলু, ভিটাবাড়িয়ার মশিউর রহমান মৃধা, ইকড়ির তানভীর আহমেদ তালুকদার, গৌরীপুরের বদিউজ্জামান টিপু, ধানীসাফা ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ফারুক, তুষখালীর সাবেক চেয়ারম্যান শরীফ মোঃ নজরুল ইসলাম, জেপির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির রাজু প্রমুখ। এখানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বাশির উদ্দীন খান। আনোয়ার হোসেন দুপুরে ধাওয়া ইউনিয়নের রাজপাশায় ভাঙ্গনকবলিত একটি রাস্তা পরিদর্শন করেন। বিকালে তিনি কচা নদীর ভয়াবহ ভাঙ্গন কবলিত তেলিখালী বাজার এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের সমবেদনা জানান। আনোয়ার হোসেন নদীভাঙ্গন রোধের বিষয় অতীতের মত প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। উল্লেখ্য, দীর্ঘকাল ধরে কচা নদীর ভাঙ্গনে তেলিখালী এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সম্প্রতি আরেক বার তীব্র ভাঙ্গনে বাজারসহ বহু বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দুঃস্থ কল্যাণ সংস্থার শাড়ি-লুঙ্গি বিতরণ জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু’র উপস্থিতিতে গতকাল সোমবার ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পবিত্র রমজান উপলক্ষে গরিব ও দুঃস্থ মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। দুপুরে ধাওয়া ইউনিয়নের রাজপাশা সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে কাপড় বিতরণ করেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ইউপি সদস্য শাহাবউদ্দিন শাবু ও সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান। এরপর ভান্ডারিয়া সদর ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন ভান্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, ইউপি সদস্য হারুন অর রশীদ মুন্সি, আব্দুল কাদের, সালেক তালুকদার, মানিক হাওলাদার, সিদ্দিকুর রহমান মুন্সি, বেবী আক্তার, ফাতেমা বেগম ও মঞ্জু রানী। দুপুরের পর গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দরিদ্রদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন গৌরীপুরের ইউপি চেয়ারম্যান বাদিউজ্জামান টিপু, ইউপি সদস্য শহিদুল ইসলাম, এমাদুল হক বশীর. সিদ্দিকুর রহমান, সদস্যা সোনিয়া আকতার ও মমতাজ বেগম। এ সময় ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ভান্ডারিয়া ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা উপস্থিত ছিলেন। বিকালে নদমূলা শিয়ালকাঠি ইউনিয়নের নদমূলা বাজার সাইক্লোন শেল্টারে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শফিকুল কবির তালুকদার বাবুল, ইউপি সদস্য আব্দুস সালাম মোল্লা, মোঃ জিয়াউল সম্রাট, ধীরেন্দ্র নাথ ঘরামী, সালমা বেগম, সমাজ সেবক আরিফ জোমাদ্দার। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক জোমাদ্দার মনি। এরপর ইকড়ি ইউনিয়নের মাদার্শী বাজারে গরীবদের মাঝে দুঃস্থ কল্যাণ সংস্থার শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান তানভীর হোসেন, ইউপি সদস্যা ফাতেমা বেগম ও সাবেক সদস্য আব্দুল হাই এ ত্রাণ বিতরণ করেন। বিকালে তেলিখালী ইউনিয়নের গরীব-দুঃখী নারী-পুরুষের মাঝে ইউনিয়ন পরিষদ পুরাতন অফিস ভবন প্রাঙ্গণে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। গতকাল সোমবার ভান্ডারিয়ার বিভিন্ন এলাকা সফরকালে আনোয়ার হোসেনের সঙ্গে ছিলেন যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন দুলাল, জেপি নেতা মোশাররফ হোসেন, ছাত্র সমাজের নেতা শিমুল আকন, আফজাল সরদার, শিশির দত্ত, সোহাগ সিকদার, মামুন ফরাজী প্রমুখ।