কংগ্রেস নেতাদের সতর্ক করলেন রাহুল গান্ধী

ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী দলের নেতাদের সতর্ক করে বলেছেন, কেউ অশোভন ভাষা ব্যবহার করবেন না। মনে রাখবেন, আমরা মাহাত্মা গান্ধীর দলের নেতাকর্মী। কেউ মাত্রা অতিক্রম করবেন না। বিতর্কের সময় মর্যাদা রক্ষা করে কথা বলবেন। আগামী বছরের লোকসভা নির্বাচন উপলক্ষে দলের নেতাকর্মীদের একটি বৈঠকে তিনি দলের মুখপাত্র ও প্যানেল নেতাদের উদ্দেশে রাহুল এই সতর্কবাণী উচ্চারণ করেন। খবর এনডিটিভির। রাহুল বলেন, মুখপাত্র ও প্যানেল নেতাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে। কিন্তু দলের মুখপাত্র ও নেতা হিসেবে দলের সীমারেখার মধ্যে থাকতে হবে। আমরা দলের আদর্শের বিরুদ্ধে যেতে পারি না। দলের সীমারেখা লঙ্ঘন করলে ব্যবস্থা নেয়া হবে। দলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ও এমপি রশিদ মাসুদ জাতীয় তদন্ত সংস্থার চার্জশিটের তথ্য উল্লেখ করে গত রবিবার বলেন, ২০০২ সালের গুজরাট দাঙ্গা ইন্ডিয়ান মুজাহিদিনের মতো সন্ত্রাসী সংগঠনের জন্ম দিয়েছে। এখনো বিজেপি ও আরএসএস সাম্প্রদায়িক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। এর একদিন পর রাহুল দলের নেতাদের মন্তব্য করার সময় সতর্ক থাকতে বললেন।