সিম কার্ডে হ্যাকিংয়ের ভয়

মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় ধরনের একটি সতর্কবার্তা জানিয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞ কারস্টেন নোল। তিনি জানিয়েছেন, যেসব মোবাইলে সিম কার্ড ব্যবহার করা হয়, সেগুলোর তথ্য চুরি যাওয়া কিংবা সেগুলোর উপর নজরদারীর সম্ভাবনা অনেক বেশি। শুধু তাই নয়, তিনি এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন, যাতে করে একটি বিশেষ টেক্সট ম্যাসেজ পাঠিয়ে বেশকিছু মোবাইলের ‘ডিজিটাল কি’ উদ্ধার করা যায়। আর এই ‘ডিজিটাল কি’ ব্যবহার করে সংশ্লিষ্ট মোবাইলের কলগুলো শোনা এবং মোবাইল অ্যাকাউন্টের অর্থও চুরি করা সম্ভব। যার ফলে বিশ্বব্যাপী সিম কার্ড ব্যবহার করা লক্ষ লক্ষ মানুষ বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে বলে মন্তব্য তার। বিশ্বব্যাপী এই তথ্যগুলো বড় ধরনের আলোড়ন তৈরি করেছে। বিষয়টি খতিয়ে দেখছে বিশ্বব্যাপী মোবাইল অপারেটর এবং সংশ্লিষ্টদের প্রতিষ্ঠান জিএসএমএ। তাদের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘সিম কার্ড সম্পর্কে কারস্টেন যা জানিয়েছেন, তা আমরা খতিয়ে দেখছি। এর যেসব প্রভাব থাকতে পারে, সে সম্পর্কে আরও বিস্তারিত জেনে শীঘ্রই আমরা নেটওয়ার্ক অপারেটর এবং সিম নির্মাতাদের কাছে প্রয়োজনীয় তথ্যগুলো পৌঁছে দিতে পারব।’ এ বিষয়ে এখনই আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছে মোবাইল ফোন সংশ্লিষ্ট সবচেয়ে বড় এই সংস্থাটি।