নান্দাইলে ৫ দিনে ৩ খুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত পাঁচদিনে পৃথক ঘটনায় তিন ব্যক্তি খুন হয়েছেন। রবিবার রাতে উপজেলার রাজগাতী ইউনিয়নের উলুহাটি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান কামালকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সময় কামালের সাথে থাকা মোটর সাইকেলটির কোন খোঁজ পাওয়া যায়নি। শনিবার উপজেলা গাঙ্গাইল ইউনিয়নের সুন্দাইল বড় ভাই ও তার সন্তানরা মিলে লাঠি দিয়ে প্রহার ও অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তিকে। পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে। অপরদিকে, উপজেলার মুশুলি ইউনিয়নের চপই ও নবীয়াবাদ দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গত বুধবার সকালে হাফেজ আবুল হোসেন ভূঁইয়া নামে এক ব্যক্তি প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। এই ধরনের হত্যাকাণ্ডে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি কিনা জানাতে চাইলে নান্দাইল মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জাহিদুল ইসলাম বলেন, খুনের ঘটনা হঠাত্ হয়ে যায়। তিনি জানান, পৃথক তিনটি হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। পুলিশ আসামি গ্রেফতারের তত্পর রয়েছে।