ভুল ধরিয়ে দেবে কলম
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২১:১৭
কম্পিউটার, মোবাইল আর ট্যাবলেট পিসির এই সময়ে কলম দিয়ে লেখা অনেকে ছেড়েই দিয়েছেন। তারপরেও কলমে লেখার কাজটি করতে হয় অনেককেই, বিশেষ করে শিক্ষার্থীদের। লেখার সময় অনেক শব্দের ভুল বানানও লেখা হয়ে থাকে। এগুলোকে ঠিক করতে গিয়ে আবার বাড়তি সময় ব্যয় হয়। আবার সঠিক বানানটি জানা না থাকলে ভুল ধরাটাও কঠিন হয়ে পড়ে। এসব সমস্যার সমাধান করতেই দুই জার্মান উদ্ভাবক তৈরি করেছেন এমন একটি কলম, যেটি কিনা লেখার সময়েই আপনাকে জানিয়ে দেবে যে আপনি ভুল বানান লিখেছেন। এই কলম দিয়ে ভুল কোনো বানান লিখলেই সেটি মৃদু ভাইব্রেশন দেবে। আর তাতেই বুঝে নিতে হবে, আপনি একটি ভুল বানান লিখেছেন। কলমটির নাম দেওয়া হয়েছে ‘লার্নস্টিফট’।
দেখতে সাধারণ, কাজে অসাধারণ
‘লার্নস্টিফট’ দেখতে সাধারণ কলমের মতোই। এতে সাধারণ কালিই ব্যবহার করা হয়েছে। ফলে দৈনন্দিন যেকোনো ধরনের লেখার জন্যই ব্যবহার করা যাবে এই কলম। তবে এর বিশেষত্ব হচ্ছে এতে বাড়তি ব্যবহার করা হয়েছে একটি সেন্সর, একটি ছোট্ট ব্যাটারিচালিত লিনাক্স চিপ, যা আবার ওয়াই-ফাই সমর্থন করে। এই লিনাক্স চিপটি কাজ করবে একটি ক্ষুদ্র কম্পিউটারের মতো। আর সেটিই লেখার সময় যেকোনো ধরনের ভুল ধরিয়ে দিতে পারে লেখককে। ফলে একে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল কলম হিসেবেই পাওয়া যাবে।
পূর্ণাঙ্গ ডিভাইস ‘লার্নস্টিফট’
ডিজিটাল কলম অবশ্য এটিই প্রথম নয়। এর আগেও বেশকিছু ডিজিটাল কলম তৈরি হয়েছে। তবে সেগুলোকে হাতের লেখা বা আঁঁকাআঁঁকি সনাক্ত করার জন্য অপটিক্যাল সেন্সর ব্যবহার করতে হয়। এগুলোর অনেকগুলোর জন্য আবার প্রয়োজন এক্সটার্নাল ডিভাইস। অনেক কলম আবার কেবল বিশেষ ধরনের কাগজের উপরেই কাজ করে। তবে এসকল সীমাবদ্ধতা অতিক্রম করেছে ‘লার্নস্টিফট’। বিশেষ করে এতে ওয়াই-ফাই ব্যবহার করার ফলে এটি কম্পিউটার বা স্মার্টফোন তো বটেই অন্য কোনো ‘লার্নস্টিফটে’র সাথেও যুক্ত হতে পারে। ফলে এটি ব্যবহার করে কোনো কিছু লিখলে সেটির রেকর্ড যেমন রাখা যায় কম্পিউটার বা স্মার্টফোনে, তেমনি লার্নস্টিফট স্ট্যাটিসটিক্যাল অ্যাপ্লিকেশন ব্যবহার করে অভিভাবকরা সন্তানদের লেখাকে পর্যবেক্ষণও করতে পারেন। ‘লার্নস্টিফট’ দিয়ে লেখাগুলো সরাসরি সংরক্ষণ করা যায় কম্পিউটার বা ফোনে। ফলে এগুলো দিয়ে সরাসরি ডিজিটাল কনটেন্ট তৈরি করা যায় সহজেই। সময়ের সাথে সাথে এটি ব্যবহারকারীর হাতের লেখাকেও সনাক্ত করতে সক্ষম। মোটকথা, একটি বুদ্ধিমান ডিজিটাল কলম হিসেবেই একে তৈরি করেছেন এর নির্মাতারা।
নির্মাতাদের কথা
জার্মানির মিউনিখের ড্যানিয়েল কিসমেশার এবং ফক ভোলস্কি তৈরি করেছেন এই ডিজিটাল কলম। গত বছরে ফক ভোলস্কি তার সন্তানকে হোমওয়ার্ক করতে দেখার সময়েই এই ধরনের একটি কলম তৈরির চিন্তা শুরু করেন। পরে ড্যানিয়েলের সাথে যৌথভাবে ডিজাইন করেন ‘লার্নস্টিফট’। প্রায় দেড় বছর সময় নিয়ে তারা তৈরি করেছেন এটি। এখন একে বাণিজ্যিকভাবে বাজারজাত করতে ক্রাউডসোর্সিং প্ল্যাটফর্ম কিকস্টার্টারে জমা দিয়েছেন ‘লার্নস্টিফট’।