প্রযুক্তি ব্যক্তিত্ব : ডেভিড হুইলার
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২১:১৭
প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় সাবরুটিন। এই সাবরুটিনের উদ্ভাবক হিসেবেই প্রযুক্তি বিশ্বে স্মরণীয় হয়ে রয়েছেন ডেভিড হুইলার। ১৯২৭ সালের ৯ ফেব্রুয়ারি বার্মিংহামে জন্মগ্রহণ করেন ডেভিড হুইলার। তিনি ক্যামব্রিজের ট্রিনিট্রি কলেজে স্কলারশিপ লাভ করেন এবং ক্যামব্রিজ ম্যাথমেটিক্যাল ট্রাইপস কোর্স নিয়ে ১৯৪৮ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে তিনি কম্পিউটার বিজ্ঞানে উচ্চতর পড়ালেখা শুরু করেন এবং কম্পিউটার বিজ্ঞানে তিনিই বিশ্বে প্রথম পিএইচডি ডিগ্রি লাভ করেন ১৯৫১ সালে। ক্যারিয়ারের শুরুর দিকেই তিনি এডস্যাক এবং বারোস-হুইলার ট্রান্সফর্ম নিয়ে গবেষণার সাথে সম্পৃক্ত থাকেন। উভয় ক্ষেত্রেই রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। মরিস ওয়াইকিস এবং স্ট্যানলি গিলের সাথে তিনি সাবরুটিন উদ্ভাবন করেন। তার নাম অনুসারেই ‘জাম্প টু সাবরুটিন’কে ‘হুইলার জাম্প’ও বলা হয়ে থাকে। ক্রিপ্টোগ্রাফিতে তিনি ‘ওয়েক’ ডিজাইন করেন। হুইলার ১৯৬৪ সালে ডারউইন কলেজ, ক্যামব্রিজের ফেলো নির্বাচিত হন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ কম্পিউটার ল্যাবরেটরির সক্রিয় সদস্য হিসেবেই কাজ করেছেন। ২০০৪ সালের ১৩ ডিসেম্বর মৃত্যুবরণ করেন ডেভিড হুইলার।