অধ্যাপক শেখ সাখাওয়াত হোসেন
খুলনার ফুলতলা উপজেলার আটরাগিলাতলা ইউনিয়নের (মাত্তমডাঙ্গা) মরহুম শেখ আবদুস সাত্তার-এর বড় ছেলে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক এবং দৌলতপুর দিবা-নৈশ কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অধ্যাপক শেখ সাখাওয়াত হোসেন (৭২) রবিবার সন্ধ্যায় চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি... রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। গতকাল (সোমবার) বাদ জোহর আটরাশ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এজিএম সুহূদ ঢাকা’র উপদেষ্টা মোঃ কামরুজ্জামান, মোঃ আনিসুর রহমান ও সদস্য সচিব মোহাম্মদ ইবরাহিম (মুরাদ) সংগঠনের পক্ষ থেকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে।
অধ্যক্ষ ফজলুল হক
শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ ফজলুল হক গত শুক্রবার রাত ১ টা ৪৫ মিনিটে আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যে তার এক মাত্র ছেলে ডাঃ রিয়াজ মোঃ জিয়াউল হক এর বাসায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি. ..রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার জানাজার নামাজ আগামীকাল ২৯ নভেম্বর বৃহস্পতিবার বেলা ৩টায় মরহুমের নিজবাড়ী চুনারুঘাট উপজেলার দুবাড়িয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
মো. এমরান
সৌদি আরবের পবিত্র ওমরাহ হজ পালনকালে জাতীয় শিশু কিশোর সংগঠন চাঁদের হাটের প্রাক্তন সদস্য মোঃ এমরান (৪৩) মৃত্যুবরণ করেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সৌদি আরবের জেদ্দা কিং ফাহাদ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন)। গত ১৬ নভেম্বর পবিত্র ওমরাহ হজ পালনের জন্য তিনি সৌদি আরবের মক্কায় যান। সেখানে হার্ট অ্যাটাক করে জেদ্দা কিং ফাহাদ হাসপাতালে ভর্তি হন। তিনি সাতকানিয়া পৌরসভা ৭ নং ওয়ার্ড ভোয়ালিয়াপাড়ার বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ হাবিবুর রহমানের চতুর্থ পুত্র।
মখলেসুর রহমান মুকুল
দৈনিক মানবকণ্ঠের মেহেরপুর জেলা প্রতিনিধি, মেহেরপুর জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুজাহিদ মুন্নার পিতা ও সিনিয়র সাংবাদিক মিজানুর রহমানের ছোট ভাই মখলেসুর রহমান মুকুল (৪৮) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মেহেরপুরের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সেক্রেটারি ইয়াদুল মোমিন, মেহেরপুর নিউজের সম্পাদক পলাশ খন্দকার, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক মাহবুবুল হক পোলেন, প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
জমশেদ আলী
শেরপুরের ঝিনাইগাতীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জমশেদ আলী (৬০) আর নেই। (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ২৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় হূদরোগে আক্রান্ত হয়ে শেরপুর সদর হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, তিন কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ২৫ নভেম্বর রবিবার বিকালে উপজেলার হাতিবান্দা ইউনিয়নের ঘাগড়া কামারপাড়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সেতেরা বেগম
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রবাসী কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক মানি চ্যাঞ্জার এসোসিয়েশনের কো-চেয়ারম্যান নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর তরফপাড়া গ্রামের সাখাওয়াত হোসেন কবিরের মাতা সেতেরা বেগম (৭৫) আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি গত শনিবার সন্ধ্যায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। রবিবার সকালে গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার মোজাফরপুর মাদরাসা মাঠে জানাজা শেষে মোজাফরপুর তরফপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।