বগুড়া শহরে নিজ কক্ষে গৃহবধূ হত্যার ২৪ ঘণ্টার রেশ না কাটতেই আজ মঙ্গলবার দুপুরে শহরের চেলোপাড়া এলাকায় নিজ ঘরে দুর্বৃত্তরা মারফ ইসলাম পাভেল (৩৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। পুলিশ এ হত্যার কোনো কারণ জানাতে পারেনি। তবে নিহতের বোন মাহবুবা খাতুন লাভলীকে পুলিশ থানায় এনেছে। নিহত পাভেল শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার মৃত মকবুল হোসেনর ছেলে।
এলাকাবাসী জানান, নিহত পাভেল তেমন কিছু করতেন না। তার বাবার রেখে যাওয়া বাড়ি ভাড়া ও গাড়ি রাখার গ্যারেজ ভাড়া দিয়ে সংসার চালাতেন। তার নিজ কক্ষে মাদকাসক্ত যুবকদের প্রায় আড্ডা হতো। প্রতিনিয়ত তার কক্ষে বিভিন্ন ধরনের যুবকের আসা যাওয়া ছিল। নিজের বাবা-মা কেউ বেঁচে নেই। সৎ মা ও ৩ বোন রয়েছে।এলাকাবাসী ধারণা করছেন জায়গা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
আরও পড়ুন: বগুড়ায় ২২দিন পর অপহৃত কিশোরীকে উদ্ধার, গ্রেফতার ৪
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, মঙ্গলবার দুপুর আনুমানিক ১ টার দিকে নিহত পাভেল তার ঘরে থাকা অবস্থায় কয়েকজন যুবক গিয়ে তাকে গুলি করে চলে যায়। পরে লোকজন তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে