বাড়ছে ট্যাবলেট পিসির বিক্রি :শীর্ষে অ্যান্ড্রয়েড
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ১৮:৩৬
গত নয় মাস সময়ের মধ্যে অ্যাপল’র যুগান্তকারী আইপ্যাড কিংবা গুগল নেক্সাসের নতুন কোনো সংস্করণ বাজারে না আসলেও চলতি বছরের দ্বিতীয় চতুর্ভাগের (এপ্রিল-জুন) হিসেবে ট্যাবলেট পিসির বিক্রি বেড়েছে গত বছরের তুলনায় প্রায় ৪৩ শতাংশ। এই তিন মাসে বিশ্বব্যাপী ট্যাবলেট পিসি বিক্রি হয়েছে ৫১.৭ মিলিয়ন। গত বছর একই সময়ে ট্যাবলেট পিসি বিক্রি হয়েছিল ৩৬.১ মিলিয়ন। প্রযুক্তি বাজার গবেষণা সংস্থা স্ট্র্যাটেজি অ্যানালাইটিকের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ট্যাবলেট পিসির বাজারের সিংহভাগ দখল করে নিয়েছে গুগল’র অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত ট্যাবলেট পিসিগুলো। মোট বিক্রি হওয়া ট্যাবলেট পিসির দুই-তৃতীয়াংশই রয়েছে তাদের দখলে। অন্যদিকে আইপ্যাডের বিক্রি কমে গেছে এই চতুর্ভাগে। ১৪ শতাংশ বাজার কমে গিয়ে এই সময়ে আইপ্যাড বিক্রি হয়েছে ১৪.৬ মিলিয়ন। স্ট্র্যাটেজি অ্যানালাইটিকের গবেষকরা ধারণা করেছেন, আইপ্যাড এবং আইপ্যাড মিনি’র পরবর্তী সংস্করণের জন্য অপেক্ষা করতে গিয়েই হয়ত গ্রাহকরা আইপ্যাড কিনতে দ্বিধাগ্রস্ত রয়েছেন। এদিকে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম বাজারে নিয়ে আসার পর মাইক্রোসফট নিজেও ট্যাবলেট পিসির বাজারে প্রবেশ করে সারফেস ট্যাবলেট দিয়ে। তাদের নিজস্ব সারফেস ট্যাবলেট পিসি ছাড়াও স্যামসাং, আসুসসহ বেশকিছু প্রতিষ্ঠান উইন্ডোজ আরটি দিয়ে ট্যাবলেট পিসি বাজারে নিয়ে আসে। এপ্রিল-জুন প্রান্তিকে উইন্ডোজ ট্যাবলেটগুলো মোট ট্যাবলেট পিসি বাজারের মাত্র সাড়ে ৪ শতাংশ দখল করতে সমর্থ হয়েছে। এদিকে আরেক প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান এনপিডি তাদের এক গবেষণা প্রতিবেদনে অনুমান করেছে, ২০১৪ সালে বিশ্বব্যাপী ট্যাবলেট পিসি বিক্রি হবে সাড়ে ৩শ মিলিয়নের বেশি এবং ওই বছরেই নোটবুক ও সমধর্মী ডিভাইসের বিক্রির পরিমাণ হবে ২০০ মিলিয়নেরও কম। শুধু তাই নয়, ক্রমান্বয়ে বছরের পর ট্যাবলেট পিসি বিক্রির পরিমাণ বাড়তে থাকলেও নোটবুকজাতীয় ডিভাইসের বিক্রি একই স্থানে স্থিতিশীল থাকবে। ফলে প্রযুক্তি বাজারে মূলত রাজত্বটা করবে ট্যাবলেট পিসি। এনপিডি আরও জানিয়েছে, নিকট ভবিষ্যতের সময়গুলোতে ৭ থেকে ৮ ইঞ্চি আকারের ট্যাবলেট পিসির চাহিদাই থাকবে সবচেয়ে বেশি।