ড্রপবক্সে সিনক্রোনাইজ

ক্লাউড স্টোরেজ সার্ভিস হিসেবে শুরুর দিকেই যাত্রা শুরু করে ড্রপবক্স। ব্যবহারকারীর সংখ্যাতেও যথেষ্টই এগিয়ে রয়েছে ড্রপবক্স। তবে সময়ের সাথে সাথে ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার চালু করেছে এই সার্ভিসটি। সেই ধারাবাহিকতাতেই এবারে ড্রপবক্সে যুক্ত হয়েছে নতুন বেশ কিছু ফিচার। নতুন যুক্ত হওয়া ড্রপবক্স ফিচারের মধ্যে শুরুতেই আসবে ইয়াহু মেইলের সাথে ড্রপবক্সের সংযুক্তি। ইয়াহুর সাথে ড্রপবক্সকে যুক্ত করার ফলে এখন সরাসরি ইয়াহু মেইল থেকে যেকোনো অ্যাটাচমেন্ট ফাইল ডাউনলোড করা যাবে ড্রপবক্সেই। অর্থাত্ ইয়াহু মেইল থেকেই ফাইল সরাসরি জমা হবে ড্রপবক্সে এবং সেখান থেকেই একে আবার অ্যাকসেস করা যাবে অন্যান্য প্ল্যাটফর্মে। শুধু তাই নয়, ড্রপবক্স থেকেও যেকোনো ফাইল সরাসরি অ্যাটাচ করা যাবে ইয়াহু মেইলে। ফলে আগে যেখানে ড্রপবক্স থেকে ফাইল পিসিতে নামিয়ে তারপর অ্যাটাচ করতে হত ড্রপবক্সে, সেখানে এবার একধাপেই ড্রপবক্স থেকে ফাইল অ্যাটাচ করা যাবে ইয়াহু মেইলে। ড্রপবক্সে যেকোনো ফাইল শেয়ার করা যাবে আগের চেয়ে দ্রুতগতিতে। ডেস্কটপে থাকা যেকোনো ফাইলে মাউসের ডান বাটন ক্লিক করেই সেটাকে ড্রপবক্সে যুক্ত করে দিতে পারবেন। আবার ওয়েবসাইট থেকে কোনো কনটেন্ট ড্রপবক্সে যুক্ত করতে রয়েছে বিশেষ ‘সেভার’ বাটন। এই বাটনটি কোনো ওয়েবসাইটে যুক্ত করে দিলে সরাসরি ওই বাটনে ক্লিক করেই ফাইলটি নামিয়ে ফেলা যাবে ড্রপবক্সে। অর্থাত্ কোনো সাইটে গিয়ে কোনো অডিও বা অন্য কোনো ফাইল পছন্দ হলে সরাসরি ড্রপবক্সেই ডাউনলোড করে রাখতে পারবেন। এ ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের জন্যও বিশেষ ফিচার চালু করেছে ড্রপবক্স। এই ফিচারগুলো ড্রপবক্সের গ্রাহকদের সন্তুষ্ট করবে বলেই আশা করছে ড্রপবক্স কর্তৃপক্ষ।