অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

বিকাশের মাধ্যমে প্রতারণা করে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মো. মহাসিন মিয়া (৫০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে গোপালগঞ্জ পুলিশ। 

আজ মঙ্গলবার ভোরে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ডোলজানি বাজার থেকে ওই প্রতারককে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত প্রতারক মো. মহাসিন মিয়া রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ডোলজানি বাজারের মৃত বাদশা মিয়ার ছেলে।

প্রতারক মহাসিন বিভিন্ন বিকাশ গ্রাহকের একাউন্ট হ্যাক, বিকাশ কর্মকর্তা সেজে ও পিন কোড চুরি করে প্রতারণা করে আসছিল। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডাকে পাঁচ ডলার ঘুষ দিলো শিশু!

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ছানোয়ার হোসেন জানান, গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার বাসিন্দা সাদিয়া আক্তারের বিকাশ একাউন্টের পিনকোড চুরি করে প্রতারক মহাসিন ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ওই নারী পুলিশের কাছে একটি  লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইল ট্রাকিং করে পুলিশ ওই প্রতারকের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫টি মোবাইল সেট, ২টি রেজিস্ট্রার ও ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এ পর্যন্ত প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে।

ইত্তেফাক/এমআই