প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্থানীয় জনসাধারণের চেয়ে অধিকসংখ্যক রোহিঙ্গা অনুপ্রবেশে কক্সবাজারের জনতত্ত্ব বদলে গেছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার তেজগাঁওস্থ কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলদ সৌজন্য সাক্ষাত্ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা বলেন।
জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলদ বলেন, বাংলাদেশ একটি অসাধারণ সম্ভাবনাময় দেশ। এ দেশে জার্মান ব্যবসায়ীরা বিনিয়োগে বিশেষ করে বিদ্যুত্ ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী। এ দেশে জার্মান কোম্পানিগুলো স্বাচ্ছন্দ্যে ব্যবসা করছে।
জার্মান রাষ্ট্রদূত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। জার্মানি এ পর্যন্ত মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য ৭৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। তিনি বলেন, আমরা বুঝি শরণার্থীরা বাংলাদেশের জন্য একটি বোঝা। কারণ বিশ্বের অন্যান্য অংশের বিপুল সংখ্যক শরণার্থীকে আমরা আশ্রয় দিয়েছি। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জার্মানি প্রায় ৩শ’ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে। জার্মানির সহায়তায় বাংলাদেশের ই-পাসপোর্ট প্রকল্প এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশে বিনিয়োগে জার্মান বিনিয়োগকারীদের আগ্রহের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বলেন, জার্মানির বিনিয়োগকারীরা বিশেষভাবে অর্থনৈতিক অঞ্চলে তাদের শিল্প স্থাপন করতে পারেন।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মাদ জয়নুল আবেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হলি অর্টিজান হামলার দ্রুত বিচার শুরু করায় ইতালির সন্তোষ প্রকাশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের প্রধান লক্ষ্যই হচ্ছে গ্রামীণ দরিদ্র জনগণের জীবনমানের পরিবর্তন এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করা। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী তেজগাঁওস্থ কার্যালয়ে তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ইতালিয়ান রাষ্ট্রদূত মারিও পালমা সাক্ষাত্ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা বলেন।
গুলশানে ২০১৬ সালে হলি অর্টিজান বেকারিতে হামলায় জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করায় সন্তোষ প্রকাশ করেন মারিও পালমা। দেশের কাউন্টার টেররিজম ইউনিট এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের কর্তব্য নিষ্ঠারও প্রশংসা করে তিনি বলেন, ‘এ ধরনের ভয়াবহ ঘটনার বিচার প্রক্রিয়ায় আমাদের দেশেও সাধারণত দীর্ঘ বিলম্ব হয়। যদিও বাংলাদেশ এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে খুব ভালো কার্য সম্পাদন করেছে।’ হলি অর্টিজান বেকারির সেই সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হয়। যাদের মধ্যে ৯ জন ছিলেন ইতালির নাগরিক।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।