চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাশ দিয়ে প্রবাহিত দোহাজারী শঙ্খ নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে প্রতিদিন শত শত ট্রাক বালু তোলা হচ্ছে। প্রভাবশালী মহল ও রাজনৈতিক ছত্রছায়ায় বালু তোলাসহ স্পারের মাটি কাটার অভিযোগ উঠেছে। বর্ষা শুরুর আগে এই অপতৎপরতা বন্ধ করা না গেলে নদীর গতিপথ পরিবর্তনসহ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ ধসের আশংকা করছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, শঙ্খ নদীর বুকে জেগে ওঠা চরে রেলওয়ের ঠিকাদার তমা গ্রুপ স্থানীয় প্রভাবশালীদের দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে। অন্যদিকে কয়েক মাস ধরে স্পাকটা নামে আরেকটি কোম্পানি দোহাজারী শঙ্খ নদীর ব্রিজের পশ্চিম পাশে একই স্থান থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে যাচ্ছে।
দোহাজারীর সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ নোমান বেগ বলেন, নদী ভাঙ্গনে ভিটেমাটি হারা মানুষের জন্য কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণের পর শঙ্খ তীরের মানুষ গুলো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু বর্তমানে এই দস্যুদের কারণে তারা শঙ্কায় রয়েছেন।
শঙ্খ তীরের বাসিন্দারা জানান, ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে একটি মহল কালিয়াশ, বাজালিয়া, দোহাজারী চাগাচর, আমিলাইশসহ বেশ কয়েটি স্থানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তুলে ঠিকাদার তমা গ্রুপের কাছে বিক্রি করছে।
আরও পড়ুন: গোপনে বৈঠকের সময় জিহাদী বইসহ জামায়াতের ৪৬ নারীনেত্রী আটক
চন্দনাইশ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা বলেন, বিষয়টি জানা ছিল না, এখন খতিয়ে দেখা হবে।
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বেড়িবাঁধের ক্ষতি হবে এমন কোন কাজ করতে দেওয়া হবে না। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ইত্তেফাক/অনি