জাতিসংঘের ইয়ুথ অ্যাসেম্বলিতে লাল সবুজের বাংলাদেশ

১২তম আন্তর্জাতিক ইয়ুথ অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশের একঝাঁক তরুণ। আগামী ৭-৯ আগস্ট আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইয়ুথ অ্যাসেম্বলিতে লাল সবুজের বাংলাদেশকে উপস্থাপন করবে তারা। এ সময়ে তারা এই পৃথিবীর পরিবর্তনের ধারাকে কীভাবে আরও সম্ভাবনাময় করা যায় সে বিষয়ে ব্যক্তিগত মতামত উপস্থাপন করবেন। যার মতামতটি সবচেয়ে ভালো হবে তাকে জাতিসংঘের পক্ষ থেকে বিশেষ পুরস্কারে ভূষিত করার কথা রয়েছে। এভাবে অন্যান্য দেশের প্রতিযোগীদেরও বিভিন্ন পর্যায়ের পুরস্কার ও সনদ দিয়ে সম্মানিত করা হবে। বিশ্বের বিভিন্ন দেশের ৬০০ তরুণের অংশগ্রহণে আজ ৩ আগস্ট আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে ইয়ুথদের আন্তর্জাতিক এই মহারণ। এটি চলবে ১২ আগস্ট পর্যন্ত। অংশগ্রহণকারীরা ইউএন-এর বিভিন্ন পার্মানেন্ট মিশন পরিদর্শনসহ বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করবে। এই ওয়ার্কশপগুলোতে তারা শিক্ষা, স্বাস্থ্য, হিউম্যান রাইটস, ওয়াটার রিসোর্স অ্যান্ড সাসটেনেবিলিটি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সাপোর্টেড বাই রেজোলুশন শীর্ষক বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত উপস্থাপন করবেন। এ সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করার মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, বর্ণ ও সংস্কৃতির তরুণদের সাথে আলাপচারিতা ও অবস্থানের মধ্য দিয়ে অর্জন করবে বহুমুখী বিভিন্ন অভিজ্ঞতা। বিশেষ করে অ্যাসেম্বলি চলাকালীন সময়ে তারা জাতিসংঘের মহাসচিব বান কি মুনসহ জাতিসংঘের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান এবং আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, নর্থ আমেরিকা ও এশিয়ার অন্যান্য দেশের তরুণদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে। প্রথম ৩ দিন তারা নিউজার্সির মেডিসনে ফারলেখ ডিকিন ইউনিভার্সিটিতে অবস্থান করে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবে। একই সাথে তারা নিইউয়র্কের ম্যানহাটনে পিস ইউনিভার্সিটিতেও আন্তর্জাতিক বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করবে। এই অধিবেশনে অংশগ্রহণকারী তরুণদের মধ্যে রয়েছে দেশের প্রথম আইএসও সনদপ্রাপ্ত ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও প্রসেসিং প্রতিষ্ঠান, বিএসবি গ্লোবাল নেটওয়াকের্র একদল শিক্ষার্থী। এই অধিবেশনে ক্যামব্রিয়ানের শিক্ষার্থী আতশী সাহা, অর্পিতা সাহা, সাদিয়া আলম প্রভা, জান্নাতে জাওয়া হূদি ও মোহাম্মদ রবিউজ্জামান ‘বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ পরিকল্পনা’ বাস্তবায়নের বিশেষ সহযোগী হিসেবে ক্যামব্রিয়ান কলেজের কার্যক্রম ও বিদেশে উচ্চশিক্ষায় সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের ভিশন ২০২১-এর ‘একজন শিক্ষিত ব্যক্তি অন্য একজন নিরক্ষর ব্যক্তিকে শিক্ষিত করার মাধ্যমে ২০২১ সালের মধ্যে নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ জাতিসংঘের কাছে তুলে ধরবে। এখানে আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ১২তম আন্তর্জাতিক ইয়ুথ অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করে নিজ প্রতিষ্ঠানের পাশাপাশি লাল সবুজের এই দেশকে উপস্থাপন করছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। এটি শুধু ক্যামব্রিয়ানেরই নয়, সমগ্র দেশের জন্যই একটি অর্জন ও গৌরবের বিষয়। ক্যামব্রিয়ানসহ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সবসময় এভাবে আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠান তথা প্রতিযোগিতায় তাদের শিক্ষার্থীদের অংশগ্রহণের উদ্যোগ নেয় এবং অর্জন করে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সাফল্য।