রকমেল্টকে কিনে নিচ্ছে ইয়াহু

মারিসা মেয়ার গুগল থেকে সিইও হিসেবে ইয়াহুতে যোগ দেওয়ার পর থেকেই ইয়াহুকে বদলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। যোগ দেওয়ার এক বছরের মধ্যেই ইয়াহু প্রায় বিশটি ছোট-বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে কিনে নিয়েছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজনের নাম সোস্যাল ব্রাউজার রকমেল্ট। সোস্যাল মিডিয়াতে নিজেদের অবস্থান আরও শক্ত করতেই ইয়াহু রকমেল্টকে কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রকমেল্টের অফিশিয়াল ব্লগেও এই খবরটি জানানো হয়েছে। এই ব্লগে জানানো হয়, ইয়াহু এবং রকমেল্ট সমমনা প্রতিষ্ঠান হিসেবে ইন্টারনেট ব্যবহারকারীদের ওয়েব কনটেন্ট খুঁজে পাওয়াকে সহজ করতে কাজ করছে। এবারে রকমেল্টের সোস্যাল ব্রাউজার হিসেবে কাজগুলো অভিজ্ঞ প্রতিষ্ঠান হিসেবে ইয়াহু’র সাথে শেয়ার করা হবে। ইয়াহু’র ব্লগেও রকমেল্ট কিনে নেওয়ার এই ঘোষণা দেওয়া হয়েছে। তবে কত টাকার বিনিময়ে এই রকমেল্ট বিক্রি হচ্ছে, এ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।