‘আমি এত কোটি টাকা খরচ করলাম, এরশাদের ভাগিনা কেন হঠাত্ মনোনয়ন পাবে?

মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন না পাওয়ার খবরে ভীষণ চটেছেন নীলফামারি-৪ (সৈয়দপুর) আসনে দলটির বর্তমান সংসদ সদস্য শওকত চৌধুরী। এই আসনে এবার তার পরিবর্তে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের ভাগিনা আদিলুর রহমান মহাজোটের প্রার্থী হিসেবে জাপা থেকে মনোনয়ন পাওয়ার খবরে সোমবার দলীয় নেতাদের সামনে ক্ষোভ ঝাড়েন শওকত।

জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সোমবার দলীয় নেতাদের সামনেই শওকত বলেন, ‘আমি নীলফামারি জেলা জাপার  বর্তমান সভাপতি। ২৫ বছর ধরে দল ও এলাকার জন্য কোটি কোটি টাকা খরচ করলাম। এরশাদের ভাগিনা বিদেশ থেকে হঠাত্ করিয়া আসিয়া কেন মনোনয়ন পাবে? আমি এমপি। কেন আমাকে বাদ দেওয়া হবে?’ এদিকে, গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শওকত চৌধুরীর নামে একটি স্ট্যাটাসে বলা হয়, ‘মনোনয়ন দিবেন বলে এরশাদ আমার কাছ থেকে আট কোটি টাকা নিয়েছেন। এখন আমাকে মনোনয়ন না দিয়ে উনি তার ভাগিনাকে মনোনয়ন দিচ্ছেন। এরশাদ নীলফামারিতে আসলে তাকে দেখাবো।’

এ ব্যাপারে শওকত চৌধুরী গতকাল ইত্তেফাককে বলেন, ‘ওই স্ট্যাটাসটি আমার নয়। আমার নামে এরশাদের ভাগিনার লোকজন এগুলো ছড়াচ্ছে। আমি এর প্রতিবাদ করেছি।’