‘ওপেন সোর্স পিসি’ বাজারে ছাড়ল ইন্টেল
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৩, ২০:৫৩
ওপেন সোর্স সফটওয়্যারের মতো ওপেন সোর্স হার্ডওয়্যারও তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে প্রোগ্রামার এবং সফটওয়্যার ডেভেলপারদের জন্য এই ওপেন সোর্স হার্ডওয়্যারগুলো বেশি উপযোগী। ওপেন সোর্স হার্ডওয়্যার তৈরিতে এবারে নাম লিখিয়েছে প্রসেসর জায়ান্ট ইন্টেল। তাদের ৮৬ সিরিজের প্রসেসর প্ল্যাটফর্মের জন্য যারা অ্যাপ্লিকেশন ও সফটওয়্যার তৈরি করে থাকেন এবং যারা কোনো ব্র্যান্ড পিসি কেনার বদলে নিজেরাই নিজেদের মতো করে পিসি ডিজাইন করতে চান, তাদের জন্যই ইন্টেল তৈরি করেছে এই ওপেন সোর্স পিসি। এবং ওপেন সোর্স হার্ডওয়্যারে এটাই ইন্টেলের প্রথম উদ্যোগ। এই পিসির নাম ইন্টেল দিয়েছে ‘মিনোবোর্ড’। একে ওপেন সোর্স পিসি বলা হলেও এটি মূলত একটি মাদারবোর্ড যাতে নেই কোনো কেসিং। ওপেন সোর্স মাদারবোর্ড নির্মাতা প্রতিষ্ঠান সার্কিটকো ইলেকট্রনিক্সের সাথে যৌথভাবে এই মিনোবোর্ড তৈরি করেছে ইন্টেল। বলা বাহুল্য, ইন্টেলের ৮৬ সিরিজের প্রসেসর ব্যবহার করে তৈরি করা এটিই প্রথম কোনো ওপেন সোর্স পিসি। এর আগে ভায়া টেকনোলজিস ৮৬ সিরিজের প্রসেসর ব্যবহার করে ডেভেলপমেন্ট কিট বাজারে ছাড়লেও সেটি ওপেন সোর্স ছিল না। ইন্টেলের এই মিনোবোর্ডের ডিজাইন এবং ডায়াগ্রাম উন্মুক্ত করে দেওয়া হয়েছে সকলের জন্য এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে এর গ্রাহক একে ইচ্ছেমতো পরিবর্তন করতে পারবে। ইন্টেল অবশ্য ইতোমধ্যেই ফেসবুকের ওপেন কম্পিউটার প্রজেক্টের মাধ্যমে সার্ভার ডিজানি শেয়ার করেছে, তবে তা মূলত সার্ভার নির্মাতাদের জন্য। সেই হিসেবে প্রান্তিক পর্যায়ের ডেভেলপার এবং কম্পিউটার নিয়ে কাজ করতে আগ্রহীদের জন্য এটিই প্রথম ওপেন সোর্স ইন্টেল পিসি। আকৃতির দিক থেকে মিনোবোর্ড খুবই ক্ষুদ্র। ৪ ইঞ্চি বাই ৪ ইঞ্চি আকৃতির এই পিসিতে রয়েছে ইন্টেলের ১ গিগাহার্জ ৩২-বিট অ্যাটম ই৬৪০ প্রসেসর। এর সাথে রয়েছে ১ গিগাবাইট ডিডিআর২ র্যাম, ইন্টিগ্রেটেড জিএমএ ৬০০ এবং ৪ মেগাবাইট এসপিআই ফ্ল্যাশ। রয়েছে অ্যানালগ অডিও, ডিভিআই, মাইক্রোএসডি স্লট, সাটা ২.০, ইউএসবি, মাইক্রোইউএসবি, মিনিইউএসবি ও ইথারনেট পোর্ট। এর জন্য প্রয়োজনীয় সফওয়্যারগুলো ওপেন সোর্স আকারেই দেওয়া যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে এটি অ্যাংস্ট্রম লিনাক্স ডিস্ট্রিবিউশনে চলবে। ১৯৯ ডলারে এটি বিক্রি শুরু করেছে ইন্টেল। এআরএম প্রসেসর ব্যবহার করে যেসব ওপেন সোর্স পিসি রয়েছে, সেগুলোর তুলনায় এর দাম তুলনামূলকভাবে বেশি হলেও প্রচলিত পিসি’র তুলনায় এর দাম যথেষ্টই কম বলে মনে করছে ইন্টেল। ডেভেলপাররা তাই এটি কিনতে আগ্রহী হবে বলেই আশা করছে তারা।