স্যামসাং এবারে আনছে ফ্লিপ অ্যান্ড্রয়েড ফোন

ফ্লিপ ফোন বাজার হারিয়েছে অনেক আগেই। ফিচার ফোনের যুগে ফোল্ডিং করা যায়, এমন ফোনের বেশ বড় একটি বাজার ছিল। নকিয়া, স্যামসাং থেকে শুরু করে মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রায় সব প্রতিষ্ঠানের ছিল বিভিন্ন ফ্ল্যাগশিপ মডেলের ফোল্ডিং হ্যান্ডসেট। তবে স্মার্টফোন বাজারে আসার পর থেকেই কমতে শুরু করে ফোল্ডিং বা ফ্লিপ ফোনের চাহিদা। এখন বাজারে খুঁজলে খুব কম ফোল্ডিং হ্যান্ডসেটই মিলবে। তবে স্মার্টফোনের বাজারে যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে, তাতে একটু এগিয়ে থাকার উদ্দেশ্যেই বোধহয় দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং আবার ফিরিয়ে নিয়ে আসতে যাচ্ছে ফ্লিপ ফোনকে। এর আগেও স্যামসাংয়ের ফ্লিপ স্মার্টফোনের গুঞ্জন ছড়িয়েছিল প্রযুক্তি বিশ্বে, তবে সেগুলো বাস্তবে পরিণত হয়নি। এখনও পর্যন্ত সেগুলো গুঞ্জন আকারেই রয়ে গেছে। তবে এবারে পুনরায় স্যামসাং ফ্লিপ বা ফোল্ডিং ফোনের বেশকিছু ছবি ছড়িয়ে পড়েছে অনলাইনে এবং ধারণা করা হচ্ছে এটিকে স্যামসাং তৈরি করছে গ্যালাক্সি সিরিজের আওতায় গ্যালাক্সি ফোল্ডার স্মার্টফোন হিসেবেই। সম্প্রতি জিএসএমইনসাইডার ওয়েবসাইটে এই ফোল্ডিং স্মার্টফোনের কিছু ছবি ছাপা হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ‘গ্যালাক্সি গোল্ডেন’ নামে এই স্মার্টফোন বাজারজাত করবে স্যামসাং, যার অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড। এই ফ্লিপ স্মার্টফোনটিতে রয়েছে দুইটি স্পর্শকাতর বা টাচ ডিসপ্লে। সামনের ডিসপ্লে ছাড়াও টপ প্যানেলের পেছন দিকেও থাকছে একটি ডিসপ্লে। আর এর সাথে নিচের অংশে যথারীতিই থাকছে আলফানিউমেরিক কিপ্যাড। উভয় ডিসপ্লেতেই ব্যবহার করা হয়েছে অ্যামোলেড টাচ প্রযুক্তি এবং এর আকার ৩.৬৭ ইঞ্চি। ডিসপ্লেগুলোর রেজ্যুলেশন ৮০০ পিক্সেল বাই ৪৮০ পিক্সেল। এতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের ৪.১ বা জেলিবিন সংস্করণ। কোয়ালকমের স্ন্যাপড্রাগন সিরিজের কোয়াড-কোর প্রসেসরের সাথে এতে রয়েছে ২ জিবি র্যাম। ফলে ডিজাইনের সাথে সাথে গতির দিক থেকেও এগিয়ে থাকবে এটি। স্মার্টফোনের অন্যতম প্রধান অনুষঙ্গ ক্যামেরা ছাড়াও এতে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সমর্থন থাকবে বলেই জানিয়েছে জিএসএমইনসাইডার। এই প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ কোরিয়া থেকে যাত্রা শুরু করে অন্যান্য দেশেও একে ছড়িয়ে দেওয়ার প্রাথমিক পরিকল্পনা রয়েছে স্যামাসংয়ের।