নাইজেরিয়ায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ৩৫
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৩, ২১:১৯
নাইজেরিয়ার সেনাবাহিনী এবং ইসলামিক জঙ্গি গোষ্ঠীর মধ্যে পৃথক দুটি সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের বেশিরভাগই জঙ্গি। সংঘর্ষের পর উভয় জায়গার পরিস্থিতি এখন স্বাভাবিক।—খবর ডন ডটকমের।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, রবিবার নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দুটি শহরে বোকো হারামের জঙ্গিরা সেনাবাহিনী এবং পুলিশ স্টেশনে হামলা চালানোর পর এ সংঘর্ষ শুরু হয়। বামা শহরের পুলিশ ঘাঁটিতে সংঘর্ষের ঘটনায় এক পুলিশ সদস্য এবং বোকো হারামের ১৭ সন্ত্রাসী নিহত হয়। এছাড়া মালাম ফাতোরি শহরে সেনাবাহিনীর সাথে বোকো হারাম জঙ্গিদের সংঘর্ষে দুই সেনা এবং ১৫ জঙ্গি নিহত হয়।
সেনাবাহিনী জানিয়েছে, নাইজেরিয়ার বর্নো রাজ্যটি মূলত বোকো হারামের ঘাঁটি। বামা এবং মালাম ফাতোরি শহর দুটি বর্নো রাজ্যের অন্তর্গত। হামলার সময় বোকো হারামের সদস্যরা বিস্ফোরণ এবং আধুনিক অস্ত্র-শস্ত্রে সজ্জিত ছিল।
বামায় হামলার পর সেনাবাহিনী সেখান থেকে ১০টি একে-৪৭ রাইফেল, বিস্ফোরক ও তিনটি রকেটচালিত গ্রেনেডের টিউব উদ্ধার করে। হামলা দুটিকে সফলভাবে মোকাবেলা করার পর সেনাবাহিনী এটাকে তাদের বড় সাফল্য হিসাবে দাবি করেছে।