রাজনৈতিক বেঈমানদের ভোটে জবাব দেবে জনগণ :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য অনেকেই আজ হীনস্বার্থ চরিতার্থের জন্য বঙ্গবন্ধুর খুনি ও তাদের পৃষ্ঠপোষকদের সাথে হাত মিলিয়েছেন। আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে এসব রাজনৈতিক বেঈমানদের সমুচিত জবাব দেবে।

গতকাল মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত যমুনা নদী বেষ্টিত কাজিপুরের দুর্গম অঞ্চল চরগিরিশে দলীয় নেতাকর্মীদের সাথে  দিনভর বিভিন্ন স্থানে একাধিক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রতিটি মতবিনিময় সভায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচন সামনে রেখে সারাদেশে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই। এটা এখন জনগণ বুঝতে সক্ষম হয়েছে। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক   খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ প্রমুখ। মতবিনিয় সভাগুলোতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ।

এর আগে সোমবার রাতে স্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়ে বিনয়ের সাথে নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্য তিনি দলের নেতাকর্মীদের নিদের্শনা দিয়েছেন।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু ইউসুফ সূর্য্য, বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান।

নির্বাচনে বিজয়ের লক্ষ্যে ১৪ দল

ঐক্যবদ্ধভাবে কাজ করবে

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়ের লক্ষ্যে ১৪ দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এখানে কে কয়টি আসন পেল বড় কথা নয়। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ১৪ দল শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে। গতকাল মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় তিনি আরো বলেন, ১৪ দল একটি আদর্শিক জোট। শেখ হাসিনার নেতৃত্বে জোটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।