ফিলিপাইনে বোমা বিস্ফোরণে নিহত ৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর কোটাবাটোর কেন্দ্রস্থলে সোমবার একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে পাঁচ জন নিহত হয়েছে। নগর পুলিশের প্রধান সিনিয়র সুপারিনটেন্ডেন্ট রোলেন বালকুইন বলেন, একটি হাসপাতাল ও স্কুলের কাছে দাঁড়িয়ে থাকে একটি গাড়িতে বোমাটি পেতে রাখা হয়। স্থানীয় ক্যাথোলিক রেডিও স্টেশন ডিএসএমএস-এ বালকুইন বলেন, ‘একটি ব্যস্ত এলাকায় বিস্ফোরণটি ঘটে। এই ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে।’ তিনি আরো জানান, শেষ বিকেলের এই বিস্ফোরণে অন্তত চারটি গাড়ি ধ্বংস হয় এবং পার্শ্ববর্তী একটি শবাগার ও টায়ার মেরামতের দোকানে আগুন ধরে যায়। বালকিন বলেন, কোন গোষ্ঠী বা সংগঠন এই ঘটনার দায়িত্ব স্বীকার করেনি। ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। মিন্দানাওয়ে দশ দিনের মধ্যে এটা দ্বিতীয় বোমা হামলার ঘটনা। ২৬ জুলাই মিন্দানাওয়ের কাগাইয়ান ডি ওরো শহরের একটি রেস্তোরাঁয় একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে আট জনের মৃত্যু হয়।