সংবাদ কণিকা
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৩, ২১:২১
কিউরিসিটির বর্ষপূর্তি
মঙ্গলের মাটিতে নাসার পাঠানো মহাকাশযান কিউরিসিটির একবছর পূর্ণ হয়েছে গতকাল। গত এক বছর ধরে সেখানে প্রাণের অস্তিত্বের সন্ধানে কাজ করছে এটি। নাসার মুখপাত্র চার্লস বলডেন বলেন, মঙ্গলে তাদের মহাকাশযান পাঠানোর কাজটি সফলভাবে হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত কিউরিসিটি ৩৬ হাজার ৭শ’ ছবি, ৩৫ হাজার ছোট মাপের ছবি, ১৯০ গিগাবাইট ডাটা এবং ৭৫ হাজার লেসার শট পৃথিবীতে পাঠিয়েছে। এছাড়া মঙ্গলের দু’টি পাথরও সে পৃথিবীতে পাঠিয়েছে। — পিটিআই
অনলাইনে সাইকোথেরাপি
মানসিক বিষণ্নতা দূর করতে থেরাপি নেয়ার প্রবণতা বেশ পুরনো। আগে সনাতন পদ্ধতিতে এটি নেয়া হত। এখন এর সঙ্গে যোগ হয়েছে অনলাইন থেরাপি। সুইজারল্যান্ডের ইউনিভর্সিটি অব জুরিখের গবেষকরা জানিয়েছেন, অনলাইনের মাধ্যমেও এ থেরাপি কার্যকর ভূমিকা রাখতে পারে। তারা ৬২ জন রোগীকে দু’ভাগে বিভক্ত করে গবেষণা করেছেন। এতে দেখা গেছে, অনলাইন থেরাপি পাওয়া ৫৩ ভাগ এবং সনাতন পদ্ধতিতে থেরাপি পাওয়াদের মধ্যে ৫০ ভাগের ফলাফল ছিল একই রকম। —বিডি নিউজ
জার্মানরা যেভাবে ছুটি কাটাতে যান
জার্মানরা ছুটিতে কিভাবে সময় কাটাতে চান, এ নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো। ১৪ বছরের ওপরে মোট ৪ হাজার মানুষকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করা হয়েছিল। এতে দেখা যায় শতকরা ৮০ জনই তাদের ছুটিতে একটু অলস সময় কাটাতে চান। অর্থাত্ খাওয়া-দাওয়া, সমুদ্রস্নান এবং ঘোরাঘুরি। তবে তাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে ভালো খাওয়া-দাওয়া। ছুটির সময়ে তারা অন্যান্য সময়ের তুলনায় টেলিভিশন, টেলিফোন বা ইন্টারনেট কম ব্যবহার করেন বলেও অনেকে মত প্রকাশ করেন। —ডয়চে ভেলে