প্রথমবারের মতো মহাকাশে কথা বলা রোবট

মহাকাশে মানুষের যাত্রা শুরু হয়েছে আজ থেকে চল্লিশ বছরেরও বেশি সময় আগে। মানুষের সাথে সাথে অনেক রোবটও ভ্রমণ করেছে মহাকাশে। তবে এবারেই প্রথমবারের মতো কথা বলতে সক্ষম কোনো রোবট পাড়ি দিল মহাকাশের উদ্দেশ্যে। জাপানের এই রোবটের নাম ‘কিরোবো’। জাপানেরই মহাকাশচারী কোচি ওয়াকাতার সঙ্গী হিসেবে পাঠানো হয়েছে এই রোবট। আগামী নভেম্বরে ওয়াকাতা যাত্রা করবেন মহাকাশে। এর আগেই কিরোবোকে পাঠানো হয়েছে মহাকাশে। জাপানের তানেগাশিমা দ্বীপ থেকে একটি রকেটে চড়ে রওনা দিয়েছে কিরোবো। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জন্য এই রকেটে ছিল খাবার ও অন্যান্য দ্রব্যের সরবরাহ। উচ্চতায় কিরোবো মাত্র ৩৪ সেন্টিমিটার বা ১৩ ইঞ্চি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত এই রোবট ইন্টারন্যাশনাল স্পেশ স্টেশনে পৌঁছাবে আগামী ৯ আগস্ট। আগে থেকেই উপস্থিত কিরোবোর সাথে পরে নভেম্বরে যোগ দেবেন তাকাওয়া। মহাকাশে মানুষের একাকীত্বে রোবট কেমন ভূমিকা রাখতে পারে, সেটা নিয়ে একটি গবেষণার অংশ হিসেবেই কিরোবোকে পাঠানো হয়েছে মহাকাশে। আশা এবং রোবটের জাপানি পরিভাষার সম্মিলনে তৈরি করা হয়েছে ‘কিরোবো’ শব্দটি। ১ কেজি ওজনের এই ক্ষুদ্রাকৃতির রোবটটি কথা বলার পাশাপাশি হাত-পা নাড়াতে পারে এবং আরও বেশকিছু অঙ্গভঙ্গি করতে পারে। অ্যানিমেশন চলচ্চিত্র ‘অ্যাস্ট্রো বয়’-এর মূল চরিত্রের অনুকরণে ডিজাইন করা হয়েছে কিরোবোকে। এটি জাপানি ভাষায় কথা বলতে সক্ষম এবং সেই সাথে কথপোকথন রেকর্ডও করে রাখতে সক্ষম। এখন কেবল দেখার বিষয়, কিরোবো কতটা একাকীত্ব দূর করতে পারে তাকাওয়ার।