টুকরো খবর

আসছে স্যামসাং স্মার্টঘড়ি

স্মার্টওয়াচ বা স্মার্ট হাতঘড়ি নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে প্রযুক্তি বিশ্বে। ইতোমধ্যে সনিসহ বেশকিছু প্রতিষ্ঠান বাজারে নিয়েও এসেছে এমন স্মার্ট ঘড়ি। আর সামনে এগুলো নিয়ে আসার তালিকায় রয়েছে অ্যাপল, স্যামসাং, গুগল’র মতো জায়ান্ট। এগুলো নিয়ে তাই নানা জল্পনা-কল্পনাও রয়েছে। এবারে স্যামসাংয়ের স্মার্টঘড়ির কিছু কনফিগারেশনের তথ্য উন্মুক্ত হয়েছে প্রযুক্তি বিশ্বে। একটি প্যাটেন্টের ফাইল থেকে এই ঘড়ির পরিকল্পনা প্রকাশ পেয়েছে। এই প্যাটেন্টের আবেদনে যেসব ছবি রয়েছে, তাতে কব্জিতে পড়ার উপযোগী নমনীয় একটি স্ক্রিন দেখানো হয়েছে। এর বাকি অংশগুলো ধাতব এবং সিনথেটিক পদার্থ দিয়ে তৈরি। অন্যদিকে আরেকটি ফাইলে দক্ষিণ কোরিয়াতে ‘স্যামসাং গিয়ার’ এবং যুক্তরাষ্ট্রের জন্য ‘স্যামসাং গ্যালাক্সি গিয়ার’ নামের দুইটি গ্যাজেটের কথা উল্লেখ করা হয়েছে। বাজারের অন্যান্য স্মার্ট ঘড়ির সাথে এগুলো প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম বলেই মনে করছে স্যামসাং।