রাজধানীর ওয়ারী থানাধীন গোপীবাগ এলাকায় এক বখাটের বঁটির কোপে শারমিন আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। ওই বখাটের নাম সোহেল (২৫)। স্থানীয়রা গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ওয়ারী থানাধীন গোপীবাগের রেললাইনের পাশে এই ঘটনা ঘটে। বর্তমানে বখাটে সোহেল পুলিশ প্রহরায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিত্সকরা।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন নুর রশিদ জানান, নিহত শারমিন স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। সে পরিবারের সঙ্গে সূত্রাপুর কে এম দাস লেন এলাকায় থাকত। তার বাবার নাম মৃত আবদুর সাত্তার। গতকাল দুপুরে শারমিন বাসা থেকে বেরিয়ে তার বান্ধবীর বাসায় যাচ্ছিল। গোপীবাগের রেললাইনের পাশে পৌঁছালে বখাটে সোহেল শারমিনের পথরোধ করে। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বখাটে সোহেল ক্ষিপ্ত হয়ে শারমিনের ঘাড়ে বঁটি দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তখন স্থানীয়রা সোহেলকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ সোহেলকে আটক করে।
পুলিশ জানায়, বখাটে সোহেল শারমিনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত। ঘটনাস্থল থেকে বঁটি জব্দ করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার তথ্য সংগ্রহ করা হয়েছে।