নিজস্ব ‘পাইরেট ব্রাউজার’ আনল পাইরেট বে
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ১৯:৪৫
অনেক দেশেই এখন ফাইল শেয়ারিং সাইট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে অনেক দেশেই আইএসপিগুলো ফাইল শেয়ারিং সাইটগুলোকে ব্লক করে রেখেছে। পাইরেট বে এবং অন্যান্য টরেন্ট ক্লায়েন্টের লিংক শেয়ার করা ওয়েবসাইটগুলোতে তাই আর সহজে ঢোকার উপায় নেই। তাই বলে টরেন্ট লিংক ব্যবহার করা বন্ধ করেনি ইন্টারনেট ব্যবহারকারীরা। আবার ফাইল শেয়ারিং ওয়েবসাইটগুলোও বন্ধ হয়ে যায়নি। তবে যারা কষ্ট করে এসব সাইট ব্যবহার করে আসছিলেন, তাদের জন্য এবারে নিজস্ব ‘পাইরেট ব্রাউজার’ চালু করল পাইরেট বে। সম্প্রতি পাইরেট বে’র এক ব্লগপোস্টে এই নতুন ব্রাউজারের কথা জানায় পাইরেট বে। এর মাধ্যমে পাইরেট বে’র এক দশক পূর্তিও উদযাপন করা হলো বলেই জানিয়েছে পাইরেট বে। প্রাথমিকভাবে কেবল পিসি ব্যবহারকারীদের জন্যই চালু করা হয়েছে এই ওয়েব ব্রাউজারটি। পাইরেট বে’র ব্লগপোস্টে পাইরেট বে’র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আপনারা কি জানেন, পাইরেট বে বা অন্যান্য টরেন্ট সাইটগুলো ব্লক করে রাখার ফলে অনেকেই আর এসব সাইটে ঢুকতে পারছেন না? যারা এই সমস্যার মুখোমুখি হচ্ছেন, তাদের জন্য আমরা চালু করেছি পাইরেট ব্রাউজার। সহজে ব্যবহারযোগ্য এই ব্রাউজারের মাধ্যমে এক ক্লিকে আপনি মুহূর্তের মধ্যেই প্রবেশ করতে পারবেন ব্লক করে রাখা এবং সেন্সর করা সব ওয়েবসাইটে। এতে নেই কোনো বান্ডল অ্যাড-ওয়্যার, টুলবার কিংবা অন্য কোনো ঝামেলা।’ পাইরেট ব্রাউজারের ওয়েবসাইট http://piratebrowser.com-তে গেলে ডাউনলোড করে নেওয়া যাবে এই ব্রাউজারটি। এটি প্রকৃতপক্ষে একটি বান্ডল অ্যাপ্লিকেশন যাতে রয়েছে টর ক্লায়েন্ট ভিডালিয়া, ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের পোর্টেবল সংস্করণ, ফক্সিপ্রক্সি অ্যাড-অন এবং কাস্টমাইজ করা কনফিগারেশন। পাইরেট ব্রাউজারের সাইটে বলা হয়েছে, এটি কেবল পাইরেসির বদলে সব ধরনের সেন্সরশিপের বিরুদ্ধে একটি অ্যান্টি-সেন্সরশিপ টুল হিসেবে কাজ করবে। উল্লেখ্য, ফাইল শেয়ারিংয়ের জন্য টরেন্ট সাইটগুলোর প্রতি কয়েকবছর ধরেই নিষেধাজ্ঞা আরোপের দাবি ছিল মেধাসত্ত্ব নিয়ে কাজ করা সংস্থাগুলোর। গত বছরের এপ্রিলে যুক্তরাজ্যে আইন করে পাইরেট বে ব্লক করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় আইএসপিগুলোকে। পরে অন্যান্য টরেন্ট সাইটকেও যুক্ত করা হয় এই তালিকায়। আরও কয়েকটি দেশেও এই নিষেধাজ্ঞা রয়েছে। পাইরেট ব্রাউজারের আগমনে এই নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে উঠবে বলেই ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।