সেপ্টেম্বরের দশে আসছে নতুন আইফোন
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ১৯:৪৭
আইফোনের নতুন সংস্করণ নিয়ে প্রযুক্তি বিশ্বে আগ্রহের কমতি নেই। অ্যাপল’র পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকায় গত কয়েকমাসে নতুন সংস্করণের আইফোন নিয়ে চলছে নানা ধরনের গুঞ্জন। এই ফোনের আকৃতি কেমন হবে, কনফিগারেশন কী হবে ইত্যাদি বিষয় নিয়ে জল্পনা-কল্পনার কমতি নেই প্রযুক্তি বিশ্বে। এতসব জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে আর এক মাসের মধ্যেই। আগামী সেপ্টেম্বর মাসের ১০ তারিখে রয়েছে অ্যাপল’র একটি বিশেষ ইভেন্ট। অলথিংসডিসহ কয়েকটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জানাচ্ছে, এই ইভেন্টেই উন্মোচন করা হবে নতুন আইফোন। অ্যাপল আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও অ্যাপল’র সাথে সম্পৃক্ত অনেকেই বিষয়টি চূড়ান্ত বলে জানিয়েছেন। এদিকে নতুন এই আইফোনের মডেল ‘আইফোন ৫এস’ হবে না ‘আইফোন ৬’ হবে, সেটা নিয়ে এখন ধোঁয়াশা কাটেনি। আবার তুলনামূলকভাবে এই আইফোনগুলো সস্তা হবে কি না, সেটা নিয়েও চলছে আলোচনা। সেপ্টেম্বরের দশ তারিখেই অবসান ঘটবে এসব আলোচনার।