প্রযুক্তি ব্যক্তিত্ব : এরিক অলম্যান

গত শতাব্দীর সত্তর দশকের শেষের দিকে এবং আশির দশকের শুরুর দিকে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে ডেলিভারমেইল এবং সেন্ডমেইল নামে ইমেইল রাউটিং সেবার উদ্ভাবন করেন এরিক অলম্যান। মার্কিন এই কম্পিউটার প্রোগ্রামারের পুরো নাম এরিক পল অলম্যান। তিনি জন্মগ্রহণ করেন ১৯৫৫ সালের ২ সেপ্টেম্বর, ক্যালিফোর্নিয়াতে। ছোটবেলা থেকেই কম্পিউটার বিষয়ে তার আগ্রহ ছিল এবং স্কুলে পড়ার সময়েই তিনি স্কুলের মেইনফ্রেম কম্পিউটারে প্রবেশ করতে সক্ষম হন। ১৯৭৩ সালে তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে ভর্তি হন। এখান থেকেই তিনি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ওই সময়ে ইউনিক্স অপারেটিং সিস্টেম জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। তার বিশ্ববিদ্যালয়েও ইউনিক্স অপারেটিং সিস্টেমের সোর্স কোড সহজলভ্য ছিল। এই সোর্স কোড ব্যবহার করেই অলম্যান প্রথমে ডেলিভারমেইল এবং পরে সেন্ডমেইল নামে ইমেইল রাউটিং সেবা চালু করেন। বার্কলে সফটওয়্যার ডিস্ট্রিবিউশনের এটি একটি অন্যতম অংশে পরিণত হয়। সেন্ডমেইল নিয়ে আরও কাজ করার লক্ষ্যেই তিনি ১৯৯৮ সালে গড়ে তোলেন সেন্ডমেইল ইনকরপোরেশন।