গ্যাজেটস : লেজিগ্লাস
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২০:৫৮
সময়ের সাথে সাথে বই পড়ার অভ্যাস অনেকেরই কমে গেছে। এখন আবার বই পড়তে হলেও কম্পিউটারই ভরসা। পিডিএফ এবং অন্যান্য ডিজটাল সংস্করণের ই-বুক জনপ্রিয় হয়ে উঠছে প্রচলিত ছাপা বইয়ের তুলনায়। ফলে দিনের বড় একটি অংশই এখন সবার কেটে যায় কম্পিউটারের মনিটরের দিকে তাকিয়ে থাকতে থাকতে। অবশ্য ল্যাপটপ, ট্যাবলেট পিসি এবং স্মার্টফোনের মতো ডিভাইস সেই জায়গাটা নিয়ে নিয়েছে। কিন্তু এতসব ডিসপ্লে’র দিকে সারাটাদিন তাকিয়ে থাকা ক্লান্তিকর বটে। কিন্তু এ থেকে রেহাই পাওয়ারই বা উপায় কী? পুরোপুরি রেহাই না দিলেও ‘লেজিগ্লাস’ কিছুটা আরাম দিতে পারবে তাদের, যাদের প্রতিনিয়তই কম্পিউটার বা অন্যান্য ডিসপ্লে’র দিকে তাকিয়ে থাকতে হয়। এটি আসলে একটি বিশেষ ধরনের চশমা যাতে লেন্স ব্যবহার করা হয়েছে বিশেষ কৌণিক বিন্যাসে। এর ফলে এই চশমা ব্যবহার করে সামনে রাখা তো বটেই, চোখের সামনে ৯০ ডিগ্রি ঘুরিয়ে রাখা কোনো বইও পড়া যায়, ৯০ ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে রাখা ডিসপ্লেও স্পষ্ট দেখা যায়। ফলে আপনার মনিটরের সামনে বসে না থেকেও শুয়ে থেকেও স্পষ্ট দেখতে পারবেন ডিসপ্লে। শুয়ে থেকেও তাই মোবাইল বা ল্যাপটপ দেখতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। ফলে আর যাই হোক, কিছুটা হলেও আরাম মিলবে আপনার, এ কথা বলাই যায়।