ব্রেক্সিট চুক্তিতে ব্রিটেন ও মার্কিন বাণিজ্যের ক্ষতি হবে :ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ব্রেক্সিট চুক্তিতে লাভবান হবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর ফলে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বাণিজ্যে ক্ষতি হবে। প্রেসিডেন্ট ট্রাম্প চীনা পণ্যে শুল্ক ১০ ভাগ থেকে ২৫ ভাগে বাড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্রেক্সিট নিয়ে করা বক্তব্যের নিন্দা জানিয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের

প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার সাংবাদিকদের বলেন, দেখে মনে হচ্ছে ব্রেক্সিট চুক্তির কারণে ইইউ লাভবান হবে। ব্রিটেন হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে পারবে না। আমার মনে হয় না যে, ব্রিটেন চুক্তি থেকে আদৌ কিছু চায়। ব্রিটেনের জন্য চুক্তিটি নেতিবাচক হবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা যুক্তরাজ্যের জন্য খুবই কঠিন হবে। সামপ্রতিককালে এই প্রথম থেরেসা মে’র ব্রেক্সিট চুক্তি নিয়ে মন্তব্য করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। থেরেসা মে’র চুক্তিটি পার্লামেন্টে পাস হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। তিনি চাপে আছেন। ঠিক সেই সময় প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য তার জন্য আরো কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।

থেরেসা মে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কাজ চলছে। তিনি এমন মন্তব্যে ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, অ্যাংলো-আমেরিকান বাণিজ্য চুক্তি করা সম্ভব এবং এর কাজ ভালভাবেই এগিয়ে চলছে। তিনি বলেন, আমাদের নিজস্ব বাণিজ্য নীতি আছে। সেই অনুযায়ী বাকি বিশ্বের সঙ্গে আমাদের বাণিজ্যিক কার্যক্রম চলবে।