একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়নের চিঠি নিলেন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও মাইন উদ্দিন খান বাদল। এছাড়া চিঠি নিয়েছেন তরিকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও দলটির সদস্য আনোয়ার হোসেন খান। গতকাল মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া মনোনয়নের প্রত্যয়নপত্র সম্বলিত এ চিঠি তাদের কাছে হস্তান্তর করেন।
শরীফ নুরুল আম্বিয়াকে নড়াইল-১ (কালিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসনেই আগের দিন দলীয় মনোনয়নের প্রত্যয়নপত্র পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বি. এম কবিরুল হক (মুক্তি)। চট্টগ্রাম-৮ আসনে নৌকার প্রার্থী হওয়ার প্রত্যয়নপত্র নেন মাইন উদ্দিন খান বাদল। তার স্ত্রী সেলিনা খান সকালে স্বামীর মনোনয়নের চিঠি নেন। শরীফ নুরুল আম্বিয়া নিজেই চিঠি গ্রহণ করেন।
প্রসঙ্গত, ২০০৮ সালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নেতৃত্বাধীন জাসদেই ছিলেন আম্বিয়া, বাদল। ২০১৬ সালে কমিটি গঠন নিয়ে মতবিরোধ থেকে দলীয় কাউন্সিল থেকে বেরিয়ে আলাদা দলের ঘোষণা দেন জাসদের এই নেতারা। আম্বিয়া-বাদলরা জাসদ নামেই দল করলেও তাদের দলীয় প্রতীক ‘মশাল’ রয়ে গেছে ইনু নেতৃত্বাধীন জাসদের হাতে। নজিবুল বশর মাইজভান্ডারী ও আনোয়ার খানের পক্ষে মনোনয়নের চিঠি সংগ্রহ করেন তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী। তৈয়বুল বশর বলেন, ১৪ দলের শরিক হিসেবে তরিকত দুটি আসনে নৌকা প্রতীকে মনোনয়নপত্র পেয়েছে। চট্টগ্রাম-২ আসনে আমার বাবা নজিবুল বশর ও লক্ষ্মীপুর-১ আসনে আনোয়ার হোসেন খানকে মনোনয়ন দেওয়া হয়েছে। ২০১৪ সালে লক্ষ্মীপুর-১ আসনে নৌকা প্রতীকে এমপি হন তরিকতের এম এ আউয়াল। সম্প্রতি তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন নজিবুল বশর। আনোয়ার হোসেন খান ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালের চেয়ারম্যান।