আবারও ব্লক হলো উইন্ডোজ ফোনের ইউটিউব অ্যাপ

বছর দুয়েক আগে মাইক্রোসফটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল কাউন্সেল ব্র্যাড স্মিথ এক ব্লগপোস্টে দাবি করেছিলেন, গুগল উইন্ডোজ ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে যথাযথভাবে কাজ করতে দিচ্ছে না। তিনি ওই লেখায় দাবি করেন, অ্যান্ড্রয়েড ফোন এবং অ্যাপল ডিভাইসে যে পূর্ণাঙ্গতা নিয়ে কাজ করতে সক্ষম ইউটিউবের অ্যাপ্লিকেশন, উইন্ডোজ ফোনে সেটা সম্ভব হচ্ছে না। গুগল ইচ্ছাকৃতভাবে এটি করছে বলেই অভিযোগ জানান তিনি। এরপর দুই বছরের মতো সময় পার হয়ে গেছে। সম্প্রতি মাইক্রোসফট উইন্ডোজ ফোনের জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনের নতুন সংস্করণও উন্মুক্ত করেছে। কিন্তু সেটিকেও অকার্যকর করে রেখেছে গুগল। উইন্ডোজ ফোনের এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিডিও দেখতে সমর্থ হচ্ছেন না ব্যবহারকারীরা। গুগল জানিয়েছে, উইন্ডোজ ফোনের জন্য ইউটিউবের যে অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে, তাতে এইচটিএমএল৫ ব্যবহার করা হয়নি। ফলে এটি ব্যবহারকারীদের ইউটিউব দেখার পূর্ণাঙ্গ অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম হবে না। এদিকে গুগল’র এই দাবিকে অনায্য হিসেবে অভিহিত করেছে মাইক্রোসফট। অ্যান্ড্রয়েড বা অ্যাপল ডিভাইসের জন্য একই অ্যাপ্লিকেশনের যে মান রয়েছে, তার বাইরে উইন্ডোজ ফোনের জন্য গুগল’র আলাদা মান দাবি করাকে মাইক্রোসফট অযৌক্তিক হিসেবে মনে করছে। তাদের আইনজীবী ডেভিড হাওয়ার্ড এক ব্লগপোস্টে জানিয়েছেন, ‘আমাদের উইন্ডোজ ফোনে যাতে গ্রাহকরা ইউটিউব ব্যবহারের সর্বোচ্চ সুবিধা লাভ না করতে পারে, সেটাই গুগল’র উদ্দেশ্য বলে আমরা মনে করছি। আমাদের জন্য তারা যে মান নির্ধারণ করেছে, তা অর্জন করা সম্ভব নয় এবং সেটা গুগল ভালো করেই জানে।’