মানিকগঞ্জে সেনাবাহিনীর ফ্রি চিকিত্সা সেবা

মানিকগঞ্জে সেনাবাহিনীর ফ্রি চিকিত্সা সেবা পেলেন হাজারো গ্রামবাসী। মঙ্গলবার সদর উপজেলার গড়পাড়া গ্রামের বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ সেনাবাহিনী সাভার অঞ্চল কর্তৃক গবাদিপশু ও হাস-মুরগির দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে গ্রামবাসী এ সেবা গ্রহণ করেন। সকালে লে. কর্নেল রেজাউল করিম পিএসসি (ভারপ্রাপ্ত অধিনায়ক) আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদুল আলম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুন সরদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার প্রমুখ। সকাল থেকেই ক্যাম্পস্থলে হাঁস-মুরগি, গরু, ছাগলসহ বিভিন্ন প্রাণী নিয়ে আশেপাশের গ্রাম থেকে পুরুষ ও মহিলারা চিকিত্সা সেবা গ্রহণের জন্য আসতে থাকে। সেনাবাহিনী কর্তৃপক্ষ জানায়, সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেন। ফ্রি ক্যাম্পে কৃষকদের গরু লালন-পালনে খামার তৈরিতে উত্সাহিত করা, গরু মোটা-তাজাকরণ, গরুর উন্নত জাতের ঘাস উত্পাদনের পরামর্শ, কৃমিনাশক ওষুধ ও টিকা প্রদান করা হয়। ক্যাম্পে সেনাবাহিনীর নিজস্ব ও স্থানীয় প্রাণী চিকিত্সক দ্বারা চিকিত্সা প্রদান করা হয়। ক্যাম্পটি বাস্তবায়নে ওষুধ দিয়ে সহায়তা করেছে নাভানা, স্কয়ার ও এসিআই কোম্পানি।